সৌভিক মুখার্জী, কলকাতা: স্বস্তি পেলেন কালীঘাট তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আদালত অবমাননার মামলায় এবার কুণালকে স্বস্তি দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত। এমনকি একইসঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে ইতিমধ্যে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক।
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কুণাল ঘোষ
আসলে কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতির একটি বিশেষ বেঞ্চ আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে ২০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। সোমবার তাঁর আইনজীবী অঞ্জন চক্রবর্তী এবং শাম্ব নন্দী ওই বিষয়টি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে উপস্থাপন করেন। তবে সমস্ত সওয়াল-জবাব শোনার পর শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় এবং সব পক্ষের বক্তব্য জানতে নোটিশ জারি করার নির্দেশ দেয়।
এদিকে এই রায়ের পরেই কুণাল ঘোষ ফেসবুক পোস্টে লেখেন, “আমার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ আমার বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল। সেই সঙ্গে সংশ্লিষ্ট শিবিরকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম আইনজীবীর মাধ্যমে।”
আরও পড়ুন: NDA-র সমর্থনে ৩২০ সাংসদ, ২০২৯-এ বিজেপির সরকার গঠন অপেক্ষা মাত্র?
তৃণমূল বিধায়ক আরও লেখেন, “যে বা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা সাজিয়েছিলেন, তাঁরা আজ একটু দুঃখ পাবেন। আমি আদালত মানি। বিশেষ বেঞ্চের তিন বিচারপতিকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের রায়ে আমি ন্যায়বিচার পাইনি মনে করি। তাই সুপ্রিম কোর্টে গেছিলাম। আইনি লড়াই চলবে।” প্রসঙ্গত, এসএসসির অতিরিক্ত শূন্যপদে নিয়োগ সংক্রান্ত একটি মামলার জেরে তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে হাইকোর্টের বিশেষ বেঞ্চ কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে ২০০০ টাকা জরিমানা করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেলেঘাটার বিধায়ক।










