অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গের খাদ্য দফতর রেশন ডিলারদের কমিশন (Ration Dealers Commission) বৃদ্ধি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। এর আগে, কেন্দ্রীয় সরকার কুইন্টাল প্রতি কমিশন ৯০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার ঘোষণা করে, যা গত এপ্রিল মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এই কমিশনের ব্যয়ভার কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সমানভাবে বহন করে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গে তা কার্যকর হয়নি, কারণ সে সময় পূর্বতন রাজ্য সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি। তবে বর্তমান সরকার এবার কমিশন বাড়ানোর ঘোষণা করেছে।
বাড়তে চলেছে রেশন ডিলারদের কমিশন
পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগের (Department of Food and Supplies) সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বর্ধিত কমিশন গত এপ্রিল মাস থেকেই কার্যকর হবে। তৃণমূল পরিচালিত সরকারের আমলে, রাজ্য সরকার কুইন্টাল প্রতি অতিরিক্ত ৫ টাকা কমিশন প্রদান করত, যার ফলে ডিলাররা মোট ৯৫ টাকা পেতেন। এখন কেন্দ্রীয় সরকার ১০ টাকা বৃদ্ধি করায়, হিসাব অনুযায়ী মোট কমিশনের পরিমাণ ১০৫ টাকা হওয়ার কথা।
কিন্তু, দফতরের নির্দেশিকায় বর্ধিত কমিশনের পরিমাণ ১০০ টাকা উল্লেখ করা হয়েছে। এটি ডিলারদের মনে প্রশ্ন তৈরি করেছে যে, রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত ৫ টাকার কমিশন কি তুলে নেওয়া হয়েছে, নাকি এই হিসাবের পেছনে অন্য কোনো কারণ আছে? খাদ্য দফতর এখনও এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি।
আরও পড়ুন: দ্রুত বাস্তবায়ন হবে স্যালারি অ্যাডভান্স স্কিম, প্রি-বিড বৈঠকের বিজ্ঞপ্তি জারি নবান্নের
তাই এখন দোলাচলে ডিলার সংগঠনগুলো। তারা বর্ধিত কমিশনের সঠিক পরিমাণ কত এবং তা বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। এই উদ্দেশ্যে তারা খাদ্য দপ্তরের কাছে একটি চিঠি দেওয়ার পরিকল্পনা করছে। ডিলাররা দাবি করছে যে, কমিশন বৃদ্ধির পূর্ণ সুবিধা যেন তাদের কাছে পৌঁছায় এবং এ বিষয়ে কোনো অস্পষ্টতা যেন না থাকে। খাদ্য বণ্টন ব্যবস্থায় রেশন ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করে, এই বিষয়ে দ্রুত ও সুস্পষ্ট নির্দেশিকা জারির দাবি জানিয়েছেন তারা।










