প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়ছে বঙ্গোপসাগরে। এখনও পর্যন্ত যে হারে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ, তাতে আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ (Cyclone Akvan) পরিণত হতে পারে। পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি একটি তীব্র ঘূর্ণিঝড়ে (Cyclone Akvan Update) পরিণত হতে পারে মনে করছে মৌসম ভবন।
সন্ধ্যাতেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে!
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এখন এই গভীর নিম্নচাপটি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ৬৮০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটির ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আশঙ্কা করা হচ্ছে, আজ সন্ধ্যায় দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে আরো তীব্র হয়ে নিম্নচাপটির ঘূর্ণিঝড় আকভানে পরিণত হওয়ার সম্ভাবনা।
সর্বোচ্চ গতিবেগ হবে ১৪৫ কিলোমিটারে
ঘূর্ণিঝড়ের আপডেট অনুযায়ী, আগামীকাল, ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছনোর আশঙ্কা রয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় আকভান যখন স্থলভাগে আছড়ে পড়বে তখন এর গতিবেগ ঘণ্টায় হতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ১৪৫ কিলোমিটারে।
আরও পড়ুন: ‘হাত-পা ভেঙে রেখে দিতে পারত’, রতন শেখের এনকাউন্টারে আক্ষেপ তার বৌদির
বাংলায় কতটা প্রভাব পড়বে?
এই ঝড়ের প্রভাব পড়বে না বাংলায়। মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া। তবে, আগামী বৃহস্পতিবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে আকভান ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর আগে গত তিন সপ্তাহে বঙ্গোপসাগরে পরপর দুটি ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয়েছিল, সেগুলি ছিল ঘূর্ণিঝড় অর্ণব ও মুরাসু। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। তাই স্বাভাবিকভাবেই আকভানের আগমন নিয়ে আতঙ্কিত সকলেই।










