বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিলকিস বানো (Bilkis Bano) গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার মামলায় এবার বিরাট পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট (Supreme Court Of India)। এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া বিপিনচন্দ্র কানাইয়ালাল যোশী এবং প্রদীপ রামলাল মোঢিয়ার জামিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আপাতত স্থগিত রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য, দোষীরা ইতিমধ্যেই 17 বছরেরও বেশি সাজা ভোগ করে ফেলেছে। পাশাপাশি তাদের করা আবেদন এবং আইন সংক্রান্ত কিছু বিষয় এখনও বিচারের অপেক্ষায় রয়েছে।
বিলকিস বানো গণধর্ষণ মামলায় মুক্ত দোষীরা
সুপ্রিম কোর্টের তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, দোষীরা ইতিমধ্যেই 17 বছরেরও বেশি সাজা ভোগ করেছে। তাছাড়াও তাদের বেশ কিছু বিষয় এখনও বিচারাধীন আছে। ঠিক সে কারণেই সমস্ত দিক বিবেচনা করে দুই দোষীর জামিন মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এম এম সুন্দরেশ ও প্রসন্ন বি ভারালের বেঞ্চ। যদিও দেশের শীর্ষ আদালতের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন কেউ কেউ।
বলাই বাহুল্য, এর আগে 2017 সালে একই মামলায় বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিল দোষীরা। বোম্বে হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতে তাদের দোষী সাব্যস্ত করা এবং যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সম্প্রতি দোষীদের আইনজীবীরা দীর্ঘদিন তাদের জেলে থাকার বিষয়টি তুলে ধরেন। একই সাথে, বিপিনচন্দ্র যোশী গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার বলেও জানানো হয়।
আরও পড়ুন: কুলগাম হামলায় অভিযুক্ত, দুই লস্কর জঙ্গির এনকাউন্টার করল ভারতীয় সেনা
উল্লেখ্য, 2022 সালের আগস্ট মাসে, এই মামলায় সাজাপ্রাপ্ত 11 জনকে আগাম মুক্তি দিয়েছিল গুজরাত সরকার। সেই সিদ্ধান্ত নিয়ে গোটা দেশে শুরু হয়েছিল বিতর্ক। পরবর্তীতে 2024 সালে সুপ্রিম কোর্ট ওই 11 জনের আগাম মুক্তির সিদ্ধান্ত বাতিল করে দেয়। দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, সাজা কমানোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি গুজরাত সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না।










