আনিষা চৌধুরী, কলকাতা: বিষ্ণুপুরের (Bishnupur) বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এর আগে ২০১৪ ও ২০১৯ সালেও তিনি বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। এবার বিষ্ণুপুরবাসীকে বড় সুখবর দিলেন এই বিজেপি সাংসদ। দীর্ঘদিনের দাবি মেনে ওভারব্রিজের নীচে আন্ডারপাস রাস্তা তৈরির কাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।
কী বললেন সাংসদ সৌমিত্র?
বিষ্ণুপুরের ওভারব্রিজের নীচে আন্ডারপাস রাস্তা তৈরির দাবি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধা এবং যান চলাচলের সমস্যা কমানোর জন্য এই রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা বহুদিন ধরেই অনুভব করছিল সরকার। কিন্তু দীর্ঘদিন ধরে প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। সাংসদের দাবি, আগের রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় এনওসি (NOC) না মেলায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে।
এই প্রকল্প নিয়ে নিজের ফেসবুক পোস্টে সৌমিত্র খাঁ জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী আন্ডারপাস নির্মাণের কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু আশ্বাস নয়, কাজের ওয়ার্ক অর্ডার-সহ বিস্তারিত তথ্যও জনসমক্ষে প্রকাশ করেছেন তিনি। আগামী ১৫ দিনের মধ্যে কাজের সূচনা হবে বলেও জানিয়েছেন সাংসদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, “ওভারব্রিজের নীচের আন্ডারপাস রাস্তার কাজ অনেক আগেই অনুমোদন পেয়ে শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিগত রাজ্য সরকার এনওসি দেয়নি। তাই এতদিন কাজ শুরু করা যায়নি। বর্তমানে এম দুর্গা রাও বিশাখাপত্তনম নামের একটি সংস্থা টেন্ডার পেয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই কাজ শুরু হবে। ভারতীয় জনতা পার্টি যা বলে, তাই করে।”
আরও পড়ুন: ১৯ তারিখ ১৪৫ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় আকভান, বাংলায় কতটা প্রভাব পড়বে?
উল্লেখ্য, আগের সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আটকে থাকা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। বর্তমানে রাজ্যে নতুন সরকার গঠনের পর একে একে আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি শাসকদলের। সাধারণ মানুষের সুবিধা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানাচ্ছে সরকার। বিষ্ণুপুরের এই আন্ডারপাস প্রকল্পও বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।










