ডিজে মামলায় শেষ রক্ষাকবচের মেয়াদ, ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

Published:

abhishek high court

আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যে শাসকদল বদলের পর থেকেই একের পর এক আইনি ও প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে। কখনও একাধিক এফআইআর, কখনও নিরাপত্তা কমানো, আবার কখনও আদালতে করা মন্তব্য ঘিরে বিতর্ক, বিভিন্ন বিষয়েই খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। এরই মধ্যে ডিজে মামলায় তাঁর জন্য দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। ফলে ফের সেই আইনি সুরক্ষা (Interim Protection) পেতে তড়িঘড়ি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক (Abhishek Banerjee)।

কী জানাচ্ছে আদালত?

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানো নিয়ে অভিষেকের একটি মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, তাঁর ওই বক্তব্যে উস্কানিমূলক বার্তা ছিল। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় তদন্ত শুরু করে সিআইডি। এই মামলায় গ্রেফতারির আশঙ্কা করেছিলেন তিনি, সেখান থেকে রেহাই পেতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত ২১ মে আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়। পাশাপাশি তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছিল।

প্রথমে নির্দিষ্ট সময়ের জন্য এই রক্ষাকবচ দেওয়া হলেও পরবর্তী সময়ে আদালত তার মেয়াদ বাড়ায়। গত ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের কণ্ঠস্বরের নমুনা দেওয়া এবং তদন্তে তাঁর সহযোগিতার কথা বিবেচনা করেন ও অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু সেই মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। তাই ফের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে আবেদনের শুনানিরও আর্জি জানিয়েছেন তিনি।

এদিকে সাম্প্রতিক সময়েও একাধিক ঘটনায় আইনি ও প্রশাসনিক জটিলতায় জড়িয়েছেন অভিষেক। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর নিয়ে আদালতে মামলা চলছে। পাশাপাশি তাঁর নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন তিনি। আগে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেও গত ১২ মে তা কমিয়ে এক্স ক্যাটাগরি করা হয়। এমনকি তাঁর বাড়ির বাইরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন: হরিদেবপুরে বৃদ্ধা মাকে গলা টিপে খুন, গ্রেফতার ‘গুণধর’ ছেলে

আদালতের দেওয়া এই অন্তর্বর্তী রক্ষাকবচের অর্থ হল, নির্দিষ্ট শর্ত মেনে চললে সংশ্লিষ্ট মামলায় অভিষেকের বিরুদ্ধে গ্রেফতারি-সহ কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ, তদন্ত থেকে অব্যাহতি নয়, বরং তদন্ত চলাকালীন গ্রেফতারির মতো পদক্ষেপ থেকে সাময়িক সুরক্ষাই ছিল এই রক্ষাকবচের উদ্দেশ্য। পুনরায় অভিষেকের আবেদন মঞ্জুর করে আদালত রক্ষাকবচের মেয়াদ বাড়ায় কি না, নাকি আবেদন খারিজ করে দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

google button