আনিষা চৌধুরী, কলকাতা: যে মা দশ মাস গর্ভে ধারণ করে, হাজারো কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখান, সেই জন্মদাত্রী মায়েরই গলা টিপে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে! কলকাতার দক্ষিণ-পশ্চিম প্রান্তের হরিদেবপুরে (Haridevpur) এই মর্মান্তিক ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। নিজের মায়ের সঙ্গে এমন নৃশংস আচরণের অভিযোগ ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
ঠিক কী ঘটেছিল?
বৃদ্ধা মাকে গলা টিপে খুন। অভিযুক্ত ছেলের নাম সাগর ঘোষ। অভিযোগ, মাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছেন তিনি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে সাগরের। সেই ঘটনার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বিবাহবিচ্ছেদের জেরে তৈরি হওয়া মানসিক চাপ থেকেই কি মায়ের উপর এমন চরম আক্রমণ, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে সঠিক কারণ স্পষ্ট নয়।
তবে কলকাতা বা বাংলায় এমন ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালে বাঁশদ্রোণীতে টাকা না দেওয়ায় মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। ২০২৫ সালে সল্টলেকেও মদ কেনার টাকা না দেওয়ায় মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল এক যুবক। পরপর এমন ঘটনায় মা-ছেলের সম্পর্কের অবক্ষয় নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: NDA-র সমর্থনে ৩২০ সাংসদ, ২০২৯-এ বিজেপির সরকার গঠন অপেক্ষা মাত্র?
যে মায়ের স্নেহ, ভালোবাসা আর ত্যাগের উপর ভর করে সন্তানের জীবন গড়ে ওঠে, সেই মায়ের জীবনই যদি সন্তানের হাতে শেষ হয়ে যায়, তার চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে! সম্পর্কের টানাপোড়েন কিংবা ব্যক্তিগত জীবনের হতাশা কি এতটাই ভয়ংকর হয়ে উঠতে পারে যে মানুষ নিজের মায়ের প্রাণ কেড়ে নিতে পারে? ঠিক কী কারণে সাগর এমন কাণ্ড ঘটালেন, সত্যিই কি মানসিক অবসাদ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।










