প্রীতি পোদ্দার, কলকাতা: আর সন্ন্যাস নয়, রাজ্যে সরকার বদলে যাওয়ার পরেই এবার নিজের জীবনের সিদ্ধান্তও বদলালেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তবে রাজনীতি নয়, এবারের বিষয়টা একান্তই ব্যক্তিগত। রবিবার সন্ধ্যায় আচমকাই সোশ্যাল মিডিয়ায় আচমকাই নিজের রিলেশনশিপ স্টেটাস পরিবর্তন করে দিয়ে লিখলেন ‘এনগেজড’। ব্যস, এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে গেল এলাকায়। স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, কে দেবাংশুর হবু স্ত্রী (Debangshu Bride)?
বাগদান সারলেন দেবাংশু
গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে অত্যন্ত চর্চিত নাম ছিল দেবাংশু ভট্টাচার্য। তাঁর ‘খেলা হবে’ স্লোগান জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল। কিন্তু রাজ্যে পালাবদলের পর আর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। অনেকের দাবি ছিল, হয়ত হারিয়ে গিয়েছেন দেবাংশু। তবে তিনি ফের কামব্যাক করলেন, যদিও সেটা অন্য ক্ষেত্রে। জানা গিয়েছে, গতকাল, রবিবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আচমকা বাগদানের খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। রিলেশনশিপ স্ট্যাটাস বদলে লিখেছিলেন ‘এনগেজড’। কিন্তু কার সঙ্গে আংটি বদল করেছেন, পাত্রী কে, এসব কিছুই খোলসা করেননি তিনি। আর তাতেই কৌতূহল বাড়ছে সকলের।
কে সেই পাত্রী?
দেবাংশুর জীবনসঙ্গীকে নিয়ে অনেকের মনে নানা কৌতূহল বাড়ছে। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, দেবাংশুর হবু স্ত্রীয়ের নাম মেঘনা। সে হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে দেবাংশুর জীবনসঙ্গী দুবাই নিবাসী এবং সে বিমান সংস্থায় কাজ করে। তবে এখনও পর্যন্ত কিছুই খোলসা করে জানা যায়নি। তবে দেবাংশুর এই কট্টর রাজনীতিবিদ থেকে আচমকা প্রেমিক সুলভ আচরণ দেখে তাঁর বন্ধু, আত্মীয় পরিজন সবাই বেশ খুশি। এমনকি সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছার বন্যা।
আরও পড়ুন: ডিজে মামলায় শেষ রক্ষাকবচের মেয়াদ, ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতাবদলের আগে তৃণমূলের সক্রিয় নেতা এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র ছিলেন দেবাংশু ভট্টাচার্য। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দাঁড়িয়েছিলেন তিনি, তবে জিততে পারেননি। যদিও সেই সময় থেমে যাননি দেবাংশু। চলতি বছর বিধানসভা নির্বাচনে চুঁচুড়ার প্রার্থী হয়ে পুনরায় দাঁড়িয়ে ছিলেন, কিন্তু সেখানেও হেরে যান। এইমুহুর্তে দেবাংশু রাজনীতি থেকে দূরেই আছেন বলে মনে করছেন বিরোধীরা।










