সবার মাথার উপর কংক্রিটের ছাদ, ভাতা বাড়ানো হবে এদের! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: জঙ্গলমহলে এসে আদিবাসীদের জন্য এবার একের পর এক কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একদিকে যেমন জমির অধিকার, চাকরি, এসসি সার্টিফিকেট নিয়ে দিলেন প্রতিশ্রুতি ঠিক তেমনই আবার লোকপ্রসার শিল্পীদের ভাতা আগামী বাজেটে আরও বাড়ানো হবে বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari In Jhargram)। এমনকি প্রত্যেক বাসিন্দা মাথার উপর কংক্রিটের ছাদ পাবেন বলে আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশে দিলেন বিরাট বার্তা।

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনে ঝাড়গ্রামের শিলদায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আদিবাসীদের জন্য একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছিলেন। বিলুপ্তপ্রায় জনজাতিগোষ্ঠীর ৭৫ হাজার মানুষকে বিশেষ রেশন ব্যবস্থায় আনা হয়েছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যাতে চাকরি পান, সেই ব্যবস্থাও করা হবে।

কাঁচাবাড়ি নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

অনুষ্ঠানের মঞ্চে এদিন হেলিকপ্টারে ঝাড়গ্রামে নামার অভিজ্ঞতা শোনাতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি আকাশপথে দেখছিলাম এখনও প্রচুর টিনের বাড়ি, টালির বাড়ি। আমরা ঝাড়গ্রামে আর কোনও কাঁচাবাড়ি রাখব না। কথা দিয়ে গেলাম। আপনারা নিজেদের যোগ্যতায় চাকরি পাবেন। সেই দায়িত্বও আমার।’’ এরপরই তিনি পূর্বতন সরকারকে খোঁচা দিয়ে বলেন, “আদিবাসী সম্প্রদায়ের জন্য কিছুই করেনি তৃণমূল কংগ্রেস। এমনকি, উত্তরবঙ্গে আদিবাসী মহিলাদের সঙ্গে ছবি তোলার জন্য গ্লাভস পরে হাত মিলিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী।”

আরও পড়ুন: ১৯ তারিখ ১৪৫ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় আকভান

পূর্বতন সরকারকে খোঁচা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, “আমরা আপনাদের নীচে বসাইনি। দ্রৌপদী মুর্মু মহাশয়াকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল তৃণমূল। তাই কারা শত্রু আপনারা ভাল করে জানেন। আমার নেতৃত্বে যে মন্ত্রিসভা আছে, সেখানে সব থেকে বেশি আদিবাসী বিধায়কেরা আছেন। তাঁদের জায়গা দিয়েছি।’’ এছাড়াও তিনি দাবি করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে লোকশিল্পীদের আর্থিক সহায়তার জন্য যে প্রকল্প চালু হয়েছিল সেখানে ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নথিভুক্ত শিল্পীরা মাসে এক হাজার টাকা পেতেন কিন্তু এবার তা বাড়াতে হবে।

এ দিন রাজ্যের ৭৫০ জন আদিবাসীর হাতে পাট্টা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি তৃণমূল আমলে ভুয়ো এসসি সার্টিফিকেট প্রদান করা হত বলে ঝাড়গ্রামে এই নিয়ে ফের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৭৩টি ভুয়ো এসটি শংসাপত্র চিহ্নিত করেছেন বলে দাবি করেন। তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, “আর চিন্তা করার কিছু নেই। রাজ্যে এবার একটাও ভুয়ো এসটি সার্টিফিকেট দিতে দেব না।’’ এ ছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ঝাড়গ্রামে শীঘ্রই কাথুয়া খাল, তারাফেনি ব্রিজ, আমকলা ও আমদই ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে

google button