যশস্বী জয়সওয়ালকে পেতে বিরাট বলিদান KKR-র! দুজন দামি প্লেয়ারকে ছাড়তে পারে কলকাতা

Published:

Jaiswal KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে বড়সড় ট্রেড নিয়ে তৎপর কলকাতা নাইট রাইডার্স। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, যশস্বী জয়সওয়ালকে দলে নিতে রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজির কাছে প্রস্তাব রেখেছে KKR। আপাতত যা খবর, সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে জয়সওয়ালকে পেতে কলকাতার সবচেয়ে মূল্যবান ক্রিকেটার তথা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিতে পারে KKR। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ান তারকার পাশাপাশি আরও একজনকে রাজস্থানের হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট।

জয়সওয়ালকে দলে নিতে তৈরি KKR!

টাইমস অফ ইন্ডিয়ার এক সাংবাদিকের রিপোর্ট উদ্ধৃত করে ক্রিকেট অ্যাডিক্টর জানিয়েছে, রাজস্থানকে ক্যামেরন গ্রিনের সঙ্গে রামনদীপ সিং অথবা কার্তিক ত্যাগী—এই দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।  অর্থাৎ মোট দুজন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে ভারতীয় তরুণ ওপেনারকে দলে নিতে পারে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। কিন্তু শুধুমাত্র একজন প্লেয়ারের বদলে দুজন ক্রিকেটারকে কেন ছাড়ার সিদ্ধান্ত নেবে কলকাতা?

রিপোর্ট বলছে, কলকাতা নাইট রাইডার্স আসলে যশস্বীকে অধিনায়ক করতে চায়। নাইট শিবিরের একটি সূত্রের দাবি, অজিঙ্কা রাহানে যেহেতু ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন তাই নতুন অধিনায়কের খোঁজ করছে কলকাতা। মূলত সে কারণেই জয়সওয়ালকে দলে নিতে মরিয়া KKR। তাছাড়াও গ্রিনের পেছনে বিপুল অর্থ খরচ করেও কাজের কাজ হয়নি নাইট ম্যানেজমেন্টের। গত ম্যাচে সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই খেলোয়াড়। তাই দুজন প্লেয়ারকে ছেড়ে দিয়ে জয়সওয়ালকে দলে নেওয়াই শ্রেয় হবে বলেই মনে করছে KKR ফ্রাঞ্চাইজি।

আরও পড়ুন: বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান, লিস্টে আর কে?

প্রসঙ্গত, কলকাতার পাশাপাশি জয়সওয়ালকে দলে নিতে আগ্রহী লখনউ সুপার জায়ান্টসও। সে ক্ষেত্রে আগামীকালের আগেই তাঁর রিটেনশন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে রাজস্থান। এখন দেখার শেষ পর্যন্ত, কলকাতার প্রস্তাব মেনে রাজস্থান ভারতীয় দলের এই তরুণ ওপেনারকে ছাড়ে কিনা।

google button