অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: কানপুর সেন্ট্রাল স্টেশনে আত্মীয়দের বিদায় জানাতে এসেছিলেন পরিবারের ১২ জন সদস্য। বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) আত্মীয়দের তুলে দেওয়ার পর ট্রেন থেকে নামার আগেই হঠাৎ স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে আটকা পড়েন ওই ১২ জন। যথারীতি ট্রেনটি চলতে শুরু করে। তখন ট্রেনের ভিতরে তারাও নেমে যাওয়ার দাবিতে হই-হট্টগোল শুরু করেন। শেষ পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দূরে ইটাওয়া জংশনে ট্রেনটি থামানো হয়, যেখানে ওই ব্যক্তিদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়, তার সাথে করা হয় জরিমানাও।
কী ঘটনা ঘটেছিল?
২২৪১৫ বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস কানপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছালে, পুরুষ, নারী ও একটি শিশু মিলিয়ে মোট ১২ জন তাদের আত্মীয়দের বিদায় জানাতে ট্রেনের একটি বগিতে ওঠেন। তারা যখন আরামে বসে গল্প করছিলেন, ঠিক তখনই ট্রেনের স্বয়ংক্রিয় দরজাগুলো বন্ধ হয়ে যায় ও ট্রেনটি চলতে শুরু করে। বন্দে ভারত এক্সপ্রেসের দরজা সাধারণত নির্ধারিত স্টেশনেই খোলে এবং বন্ধ হয়। ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আটকা পড়া ব্যক্তিরা ইমারজেন্সি চেইন টেনে দরজা খোলার চেষ্টা করেন এবং ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য হইচই শুরু করেন। কিন্তু ট্রেনের কর্মীরা দরজা খোলেননি, ট্রেনটি নিজস্ব গতিতেই গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে।
এরপর, ওই ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে খবর পেয়ে টুন্ডলা কন্ট্রোল সেন্টার ইটাওয়া জংশনে ট্রেনটিকে থামানোর নির্দেশ দেয়। সেখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (GRP) সদস্যরা এবং স্টেশন সুপারিনটেনডেন্ট ওই ১২ জনকে ট্রেন থেকে নামিয়ে আরপিএফ পোস্টে নিয়ে আসেন।
আরও পড়ুন: বিষ্ণুপুরে রেল ক্রসিংয়ের যানজট থেকে মুক্তি, ১৫ দিনের মধ্যেই শুরু কাজ, ঘোষণা সৌমিত্র খাঁয়ের
জানা গেছে, ওই ১২ জনের কারও কাছেই প্ল্যাটফর্ম টিকিট ছিল না। রেলওয়ের কর্মকর্তারা তাদের প্রত্যেকের জন্য টিকিট ইস্যু করেন এবং প্রত্যেকের নামে ৩,০০০ টাকা করে মোট ৩৬,০০০ টাকা জরিমানা করেন। আরপিএফ ইনস্পেক্টর দীনেশ কুমার সিং জানিয়েছেন, ট্রেনের মধ্যে গোলযোগ সৃষ্টি করা এবং বৈধ টিকিট ছাড়া ভ্রমণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জরিমানা আদায় করার পর, ওই ব্যক্তিদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তারা অবশ্য দাবি করেছেন যে, তারা কেবল আত্মীয়দের বিদায় জানানোর জন্যই ট্রেনে উঠেছিলেন এবং দরজা বন্ধ হয়ে যাওয়ায় অনিচ্ছাকৃতভাবে আটকা পড়েন। কিন্তু তাও ভারতীয় রেলের বিধি অনুসারে টিকিট ছাড়া ট্রেনে যাত্রা করার জন্য নির্ধারিত জরিমানা দিতে হয়েছে তাঁদের।










