সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশি বিনিয়োগকারীদের তহবিল প্রবাহ, দেশীয় শেয়ার বাজারের উত্থান আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার কারণে সোমবার মার্কিন ডলারের বিপরীতে রুপির (Indian Rupee) দাম ২৭ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৩.৯২-তে বন্ধ হল। যার ফলে টানা দুই দিনের পতনের ধারা কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রা। বিশেষজ্ঞদের মতে, দেশীয় ইক্যুইটি বাজারে চাঙ্গাভাব এবং বিদেশি লগ্নীকারীদের নতুন বিনিয়োগ রুপিকে শক্তিশালী করতে সাহায্য করছে। তবে মার্কিন ট্রেজারি ইল্ড বৃদ্ধি আর আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে রুপির উত্থান কিছুটা সীমিত ছিল।
ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা
আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে এদিন ডলারের বিপরীতে রুপির লেনদেন শুরু হয়েছিল ৯৪.২২-র স্তরে। তবে দিনের লেনদেন চলাকালীন এটি সর্বোচ্চ ৯৩.৯১ এবং সর্বনিম্ন ৯৪.২৫-র স্তর স্পর্শ করে। অবশেষে আগের দিনের তুলনায় ২৭ পয়সা বেড়ে তা ৯৩.৯২-তে স্থির হয়। তবে শুক্রবার ডলারের বিপরীতে রুপির দাম ৭ পয়সা কমে ৯৪.১৯-এ বন্ধ হয়েছিল।
এলকেপি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট এবং রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৫০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের ফলে রুপি প্রায় ০.৪০ শতাংশ শক্তিশালী হয়ে ৯৪.০০-র গণ্ডি পার করেছে। আবার অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমায় আমদানি খরচ কমার সম্ভাবনা তৈরি হয়েছে, যা রুপিকে আরও বাড়তি শক্তি জোগাচ্ছে। পাশাপাশি বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপকারী সূচক এদিন ০.০৩ শতাংশ বেড়ে ১০৩.৪৪-এ দাঁড়িয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১.০৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৪.৮৫ মার্কিন ডলারে লেনদেন হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নাম করে ৬ কোটির তোলাবাজি অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
এদিকে এদিন দেশীয় শেয়ারবাজারেও বড়সড় উত্থান দেখা যায়। বিএসই সেন্সেক্স ৫১২.৩৪ পয়েন্ট বেড়ে ৮২,১০৪.৭৯ এবং নিফটি ১৪৬.৮০ পয়েন্ট বেড়ে ২৫,২৯১.১০ স্তরে বন্ধ হয়েছে। এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৫৭৩৪.৫৫ কোটি টাকার শেয়ার কিনেছেন। পাশাপাশি আরবিআই-র দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.৪৯ বিলিয়ন ডলার বেড়ে ৭১৯.৫৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তার আগের সপ্তাহে ২.৬৯১ বিলিয়ন ডলার কমে ৭১৭.০৫৬ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।










