SIR নিয়ে সিদ্ধান্ত কার? নির্বাচন কমিশনে ৪৮টি প্রশ্ন INDIA জোটের

Published:

INDIA

আনিষা চৌধুরী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে এবার নির্বাচন কমিশনের (Election Commission) কাছে একাধিক প্রশ্নের জবাব চাইল INDIA জোট। এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ৪৮টি প্রশ্ন জমা দিয়েছে বিরোধী জোট। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, ভোটার তালিকায় নাম সংযোজনের নিয়মে পরিবর্তনের অনুমোদন এবং ভোটারদের তথ্যের উপর নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে, সেই বিষয়গুলিই মূলত জানতে চাওয়া হয়েছে। আগামী ১৭ নভেম্বর SIR সংক্রান্ত মামলার শুনানির ঠিক আগেই এই পদক্ষেপ গ্রহণ করেছে বিরোধীরা।

সুপ্রিম কোর্টে INDIA

এর আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা বিরোধীদের অভিযোগের যথাযথ উত্তর দিতে পারেনি বলে দাবি করেছে কংগ্রেস। সেই প্রেক্ষিতেই কমিশনকে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে INDIA জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি এবং নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেলকে উদ্দেশ্য করে এই প্রশ্নগুলি তোলা হয়েছে। SIR পরিচালনার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তে কার অনুমোদন ছিল, তা জানতে চেয়েছে বিরোধীরা।

৪৮টি প্রশ্নের মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি। SIR দেশজুড়ে চালানোর সিদ্ধান্ত কে নিয়েছিলেন এবং মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য দুই নির্বাচন কমিশনার কতবার মতবিরোধ প্রকাশ করেছিলেন, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি নতুন ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত Form 6-এ পরিবর্তন আনার অনুমোদন কে দিয়েছিলেন, সেই প্রশ্নও উঠেছে। ERONET ও ECINET-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত কার ছিল এবং ভোটারদের তথ্য সংরক্ষণ, পরিচালনা ও ব্যবহারের অধিকার কাদের হাতে রয়েছে, তা নিয়েও জবাব চেয়েছে INDIA জোট। এমনকি ভোটার তালিকার তথ্য ব্যবহারের ক্ষেত্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) যথাযথ অধিকার রয়েছে কি না, সেই বিষয়টিও প্রশ্নের তালিকায় রয়েছে।

এদিকে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশির সঙ্গে SIR সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের খবর আগেই প্রকাশ্যে এসেছিল। গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত প্রতিবেদনে এমন ১৪টি ঘটনার উল্লেখ করা হয়েছিল, যেখানে দুই নির্বাচন কমিশনার কিছু সিদ্ধান্ত ও প্রশাসনিক বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। বিরোধীদের প্রশ্নের তালিকায় সেই বিষয়গুলিও গুরুত্ব পেয়েছে। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। গত ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশনের দাবি, ২০২৫ সালের ২৪ জুন, ২০২৫ সালের ২৭ অক্টোবর এবং ২০২৬ সালের ১৪ মে জারি করা SIR সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশই তিন নির্বাচন কমিশনারের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। Form 6 পরিবর্তনের অভিযোগও খারিজ করেছে কমিশন। তাদের বক্তব্য, SIR-এর সময় অতিরিক্ত যে ঘোষণা জমা নেওয়া হয়েছিল, সেটি Form 6-এর পরিবর্তন নয়, বরং আলাদা একটি নথি। ফাইল প্রক্রিয়াকরণের সময় কোনও আধিকারিকের ব্যক্তিগত আপত্তি বা মন্তব্যকে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক নয় বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন: খুচরোর পর ঊর্ধ্বমুখী পাইকারি মুদ্রাস্ফীতি, আরও দাম বাড়বে জিনিসপত্রের?

উল্লেখ্য, নির্বাচন কমিশনের হলফনামার জবাব দেওয়ার জন্য এর আগে মামলাকারীদের ১০ দিন সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আগামী ১৭ নভেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। SIR পরিচালনার পদ্ধতি এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলি শুনানিতে খতিয়ে দেখবে শীর্ষ আদালত।

google button