অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা চালু করা হয়। এই পরিষেবা শুরু হয়েছিল গত ১ জুন থেকে। তবে মাত্র ছয় মাসের মধ্যেই দেখা যাচ্ছে অনেক মহিলা সরকারি বাসের টিকিট বুক করেও শেষ পর্যন্ত আর সফর করছেন না। এর ফলে অনেক দূরপাল্লার বাসকে প্রায় খালি অবস্থাতেই যাত্রা করতে হচ্ছে, অথচ প্রকৃত যাত্রীরা টিকিট পাচ্ছেন না।
সরকারি বাস ফ্রি টিকিট কেটেও যাত্রা করছেন না অনেক মহিলা
গত ২ নভেম্বর অফিস টাইমে বাঁকুড়া থেকে সল্টলেকের করুণাময়ীগামী একটি এসবিএসটিসি (South Bengal State Transport Corporation) বাসে ২৬টি ‘ফ্রি’ টিকিট অনলাইনে বুক করা হয়। বিভিন্ন মহিলার আধার নম্বর ব্যবহার করে টিকিটগুলো কাটা হলেও, সবগুলোর ক্ষেত্রেই একটিমাত্র ফোন নম্বর ব্যবহার করা হয়েছিল। অথচ যাত্রার সময় ওই ২৬ জনের কেউই উপস্থিত হননি।
যেহেতু একটি ফোন নম্বর দিয়ে কতগুলো টিকিট বুক করা যাবে, তার কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা নেই। ফলে এসবিএসটিসি কর্মীরা কোনো কারচুপির সন্দেহ করলেও সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারেননি। জানা গেছে, এরকম ঘটনা একটা নয়, বরং বারবারই এমন অভিযোগ শোনা যাচ্ছে। এতে একদিকে যেমন পরিবহন নিগমের রাজস্বের ক্ষতি হচ্ছে, অন্যদিকে যারা সত্যিই ভ্রমণ করতে চান, তারা বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন: কলকাতা থেকে ঝিলিমিলির SBSTC-র বাস, মহিলাদের ফ্রি, রইল রুট ও সময়সূচি
পরে ওই মহিলার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরীক্ষা দিতে যাওয়ার জন্য এতগুলো টিকিট একসাথে বুক করা হয়েছিল, কিন্তু সময়মতো পৌঁছাতে না পারায় ওই মহিলা পরীক্ষার্থীরা অন্য কোনো উপায়ে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে পরিবহন কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছে, তাহলে টিকিটগুলো কেন বাতিল করা হলো না?
এই সমস্যার সমাধানে এসবিএসটিসি এখন শরণাপন্ন হয়েছে প্রযুক্তির। তারা নতুন একটি সফটওয়্যার চালু করছে। যেসব ব্যাক্তি বারবার টিকিট বুক করেও বাসে যাত্রা করছেন না, তাদের ফোন নম্বরগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ব্লক করে দেবে এই সফটওয়্যার, যাতে ওই নম্বরগুলো থেকে পরবর্তীকালে আর কোনো টিকিট বুক করা না যায়। এছাড়া, প্রতিটি ফোন নম্বর থেকে সর্বাধিক কতগুলো টিকিট বুক করা যাবে, তার একটি সীমা নির্ধারণ করার বিষয়েও চিন্তাভাবনা করছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এভাবে টিকিটের অপচয় রোধের পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য নিত্যনতুন রুটে বাস পরিষেবাও চালু করা হচ্ছে। সম্প্রতি জামুরিয়ার বিধায়ক বিজন মুখোপাধ্যায়ের আবেদনে চুরুলিয়া – আসানসোল রুটে নতুন বাস পরিষেবা চালুর অনুমোদন দেওয়া হয়েছে।










