ভারতের অযোধ্যা থেকে নেপালের জনকপুর, চালু হচ্ছে নতুন রেল পরিষেবা, উদ্বোধন কবে?

Published:

Ayodhya - Janakpur Rail Service

অনন্যা সরকার, কলকাতা: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ভারতের অযোধ্যা এবং নেপালের জনকপুরধামের মধ্যে সরাসরি রেল পরিষেবা (Ayodhya – Janakpur Rail Service) চালু হতে চলেছে চলতি মাসেই। এই পরিষেবা চালু করার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানা গেছে, আগামী ২২ নভেম্বর নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহ তাঁর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে তিন দিনের জন্য ভারতে আসছেন। নয়াদিল্লিতে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৩ নভেম্বর দুই নেতা ভার্চুয়ালি অযোধ্যা-জনকপুর রেল পরিষেবার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

নতুন অযোধ্যা-জনকপুর রেল পরিষেবার রুট ও সময়সূচি 

এই নয়া আন্তঃদেশীয় ট্রেনটি নেপালের জনকপুরধাম এবং ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্টের মধ্যে সপ্তাহে একদিন করে চলাচল করবে। ট্রেনটি জয়নগর, মধুবনী, শিশো, সীতামঢ়ি, রক্সৌল, নরকাটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মানকাপুর হয়ে অযোধ্যা ধামে পৌঁছাবে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি শনিবার দুপুর ১২:৪০-এ জনকপুরধাম থেকে ছেড়ে রবিবার ভোর ৫:০০-টায় অযোধ্যা ক্যান্টনমেন্টে পৌঁছাবে। পুরো যাত্রাপথটি অতিক্রম করতে সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা ২০ মিনিট। ফিরতি পথে ট্রেনটি সোমবার বিকেল ৪:০০-টের সময় অযোধ্যা থেকে ছেড়ে মঙ্গলবার সকাল ৮:৫০-এ জনকপুরধামে পৌঁছাবে।

আরও পড়ুন: কলকাতা থেকে ঝিলিমিলির SBSTC-র বাস, মহিলাদের ফ্রি, রইল রুট ও সময়সূচি

উল্লেখ্য, এই রেল সংযোগটি ভগবান রামের জন্মস্থান অযোধ্যার সঙ্গে মাতা সীতার জন্মস্থান হিসেবে পরিচিত জনকপুরধামকে যুক্ত করতে চলেছে। তীর্থযাত্রীদের পাশাপাশি পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পারিবারিক প্রয়োজনে ভ্রমণকারীরাও এই পরিষেবার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন এই বিশেষ ট্রেনটি দেশের ধর্মীয় পর্যটনে নতুন গতি আনবে। এছাড়াও, এই নয়া রেল পরিষেবা ভারত ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

google button