সহেলি মিত্র, কলকাতা: এবার দরজায় কড়া নাড়ছে ঘূর্ণিঝড় ‘আকওয়ান’। বাংলা সহ একাধিক রাজ্যে জারি হল সতর্কতা। বিশেষ করে আর কয়েকদিনের মধ্যেই জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এই আসন্ন ঘূর্ণিঝড়ের গতিপথ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার কি বাংলায় আছড়ে পড়বে নাকি ফের ভিন রাজ্যে? প্রশ্ন সকলের। এদিকে বাংলায় কিছুদিন হল শীতের হালকা আমেজ ছিল। তবে এবার সেটা আপাতত কেটে যাবে বলে খবর। আজ রবিবার থেকেই কি বৃষ্টি (Weather Today) নামবে বাংলায়? চলুন জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ছুটির দিনে কোথাও বৃষ্টি হবে না। শীত থাকবে। এক কথায় মোটের ওপর শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ঠান্ডার প্রকোপ থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলায়। সর্বনিম্ন পারদ ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলের ওপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এটি উত্তর- উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১৬ নভেম্বরের সন্ধ্যের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আরও পড়ুন: মিলবে একাধিক প্রকল্পের সুবিধা, নভেম্বরে কবে বসছে সেবা সেতু ক্যাম্প?
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। পাহাড়ি জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে পূর্বাভাস।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোনও জেলাতেই তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুরু করবে ১৮ নভেম্বর থেকে। এদিন কলকাতা,হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এরপর ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতা শহর সহ বেশ কিছু জেলায়।










