আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল সেবা সেতু অভিযান (Seva Setu Camp) বা জনকল্যাণ শিবির। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সহজে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকারি দফতরে বারবার ছুটে না গিয়ে একই জায়গায় বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন, প্রয়োজনীয় নথি যাচাই, পুরনো আবেদনের সংশোধন এবং পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের সুযোগ মেলে এই শিবিরে। মূলত মানুষের হয়রানি কমিয়ে সরকারি পরিষেবাকে আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ। এবার নভেম্বরের শেষের দিকেই ফের বসতে চলেছে সেবা সেতু ক্যাম্প।
কবে নাগাদ বসবে ক্যাম্প?
এর আগে রাজ্যজুড়ে গত ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন এই শিবিরের আয়োজন করা হয়েছিল। সেটিই ছিল সেবা সেতু অভিযানের প্রথম দফার কর্মসূচি। পঞ্চায়েত, পুরসভা ও কর্পোরেশন এলাকাগুলিতে একাধিক শিবির খোলা হয়েছিল। এবার ফের দ্বিতীয় দফায় এই কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে এই শিবির বসতে পারে বলে জানা যাচ্ছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই ক্যাম্পের তারিখ চূড়ান্ত করা হবে।
এই শিবির থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, তার ছবিও উঠে এসেছে আগের কর্মসূচিতে। প্রথম দিনেই রাজ্যজুড়ে ১০ লক্ষেরও বেশি মানুষ সেবা সেতু শিবিরে এসেছিলেন বলে জানা গিয়েছে। সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য জানা, নতুন করে আবেদন করা কিংবা কোনও পরিষেবা পেতে সমস্যা হলে এখানে অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছেন উপভোক্তারা। ফলে সরকারি দফতরে বারবার ছোটাছুটি না করেই এক জায়গায় একাধিক কাজ করার সুবিধা মিলছে।
সেবা সেতু ক্যাম্পে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কাজ করা হয়। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জয় জোহর, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষান নিধি-সহ বিভিন্ন প্রকল্প। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জমি সংক্রান্ত পরিষেবা, নথি সংশোধন ও বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন এবং অভিযোগ জানানোর সুযোগও থাকে।
আরও পড়ুন: ‘ভানুয়াতুতে নিজস্ব দ্বীপ আছে অভিষেকের’ বিস্ফোরক মদন মিত্র
তাই যাঁরা আগামী দিনে এই শিবির থেকে পরিষেবা নিতে চান, তাঁরা আগে থেকেই সতর্ক থাকুন। ক্যাম্প বসার কয়েক দিন আগেই স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে দিনক্ষণ ও স্থান জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত, পুরসভা এবং প্রশাসনিক দফতরের বিজ্ঞপ্তির মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য জানানো হবে। তাই সরকারি ঘোষণার দিকে নজর রাখুন এবং প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন।










