থানার সামনে অভিষেককে দেখেই ‘চোর চোর’ স্লোগান, ফের জনরোষের মুখে

Published:

abhisekh banaerjee (1)

আনিষা চৌধুরী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। একসময় রাজ্য রাজনীতিতে দলের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন তিনি। তবে রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক রাজনৈতিক ও আইনি সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁকে। শনিবার ভবানীপুর থানা থেকে বেরোনোর সময় ফের জনরোষের মুখে পড়লেন তৃণমূলের এই নেতা। তাঁকে দেখেই জনতার একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে।

ঠিক কী ঘটল তৃণমূল নেতার সঙ্গে?

এর আগেও একাধিকবার অভিষেককে ঘিরে এমন বিক্ষোভ দেখা গিয়েছে। গত ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। ওঠে ‘চোর চোর’ স্লোগান। এমনকি তাঁকে লক্ষ্য করে ডিম, জুতো ও ইট ছোড়ার ঘটনাও ঘটে। আবার গত ৭ নভেম্বর তাঁর জন্মদিনে কালীঘাটের বাড়ির সামনেও একই স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

এদিকে শনিবার ভবানীপুর থানায় যাওয়ার পিছনেও ছিল আইনি কারণ। গত ২ মে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি বিতর্কিত পোস্ট করেছিলেন অভিষেক। সেই পোস্টের বিরুদ্ধে ২৭ মে অভিযোগ দায়ের করেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। সেই মামলাতেই পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় তলব করা হয়েছিল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই একের পর এক সমস্যায় জড়াচ্ছেন অভিষেক। ২৯ অক্টোবর পুলিশ আধিকারিকদের নিয়ে তাঁর মন্তব্যের জেরে গিরিশ পার্ক থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। আগামী ২০ নভেম্বর সেই মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। রাজ্যে সরকার পরিবর্তনের পর তাঁর Z+ নিরাপত্তা প্রত্যাহার করে X ক্যাটেগরিতে নামানো হয়। বাড়ির বাইরের নিরাপত্তা পরিকাঠামোও সরিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা ফেরানোর দাবিতে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

আরও পড়ুন: সেনার বিমানে বাংলাদেশে যাবেন শেখ হাসিনা? সক্রিয় ভারতীয় হাই কমিশনার!

সব মিলিয়ে রাজনৈতিক পরাজয়ের পর থেকে আইনি জটিলতা, নিরাপত্তা নিয়ে টানাপোড়েন এবং বারবার বিক্ষোভের মুখে পড়া সব মিলিয়ে অভিষেকের পরিস্থিতি ক্রমশই সংকটময় হয়ে উঠছে। ভবানীপুর থানার সামনে আজকের ‘চোর চোর’ স্লোগানকেও সেই রাজনৈতিক ও জনঅসন্তোষেরই আরেকটি বহিঃপ্রকাশ।

google button