বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) ফেরার ঘোষণা আগেই করে দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী নিজের দেশে ফিরছেন আগামী ডিসেম্বর মাসে। তাঁর আগে হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে বেড়েছে জল্পনা। শোনা যাচ্ছে, ভারতীয় সেনার বিমানে নাকি বাংলাদেশে ফিরতে পারেন মুজিব কন্যা! এরই মাঝে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর ঢাকায় একগুচ্ছ বৈঠক এবং বিভিন্ন কূটনীতিকদের সাথে আলোচনা, আরও বেশ কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে হাসিনাকে সামরিক বিমানে বাংলাদেশে ফেরানো হবে কিনা সেই সংক্রান্ত কোনও সরকারি সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।
হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে জল্পনা
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গত 12 নভেম্বর ঢাকায় একই দিনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এদিন সকালে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন কুর্মিটোলা গল্ফ ক্লাবে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং কয়েকজন বাংলাদেশি সামরিক কর্মকর্তার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান বলেই খবর। পরবর্তীতে তিনি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গেও বৈঠক করেন। একই দিনে আবার ব্রিটিশ হাইকমিশনার ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথেও কথা বলেন তিনি।
বাংলাদেশের কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সন্ধ্যাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিনের সঙ্গেও বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। যদিও ওই বৈঠকগুলিতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আসেনি। ভারতের তরফেও এ নিয়ে আলাদা করে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের একের পর এক বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে জল্পনা।
আরও পড়ুন: হুঙ্কার দিয়েও সেমিতে ভারতকে হারাতে পারল না ভুটান, ২-১ গোলে জিতে সাফ ফাইনালে বিষ্ণুরাই
2024 সালের 5 আগস্ট, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় C-130 সামরিক বিমানে করে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। ঠিক সেই কারণেই জল্পনা বেড়েছে এবার নাকি বাংলাদেশ সেনাবাহিনীই সরাসরি ঢাকা থেকে বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে যাবে। তবে এ বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সে ক্ষেত্রে সবটাই পরিষ্কার হবে সময়ের সাথে সাথে।










