আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে ভোট দিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের পাশে দাঁড়াল ভারত

Published:

Un Vote India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতিসংঘে বড় পদক্ষেপ ভারতের (India)। ইজরায়েলে-ফিলিস্তিন সংঘাতের আবহে এবার ইজরায়েলের বিরুদ্ধে ভোট দিল নয়া দিল্লি (India UN Vote)। ফিলিস্তিনি জনগণের প্রাকৃতিক সম্পদের উপর স্থায়ী অধিকার সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। ভারতের পাশাপাশি চিন, রাশিয়া সহ মোট 151টি দেশ প্রস্তাবটিকে সমর্থন করেছে। অন্যদিকে আমেরিকা, ইজরায়েল সহ সাতটি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এছাড়াও 11টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

ইজরায়েলের বিরুদ্ধে ভোট দিল ভারত

জাতিসংঘে যে প্রস্তাব পেশ করা হয়েছে, সেই প্রস্তাবের নাম “দখলকৃত পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ড এবং দখলকৃত সিরিয়ার গোলানে বসবাসকারী আরব জনগণের প্রাকৃতিক সম্পদের ওপর স্থায়ী সার্বভৌম অধিকার” একেবারে সহজ ভাষায় বলতে গেলে, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল এবং সিরিয়ার গোলানে বসবাসকারী জনগণের জমি, জল, শক্তি সহ প্রাকৃতিক সম্পদের উপর তাদের নিজস্ব অধিকার রয়েছে। আর এমন প্রস্তাবেই সমর্থন জানিয়েছে ভারত, চিন, রাশিয়ার মতো একাধিক শক্তিশালী দেশ।

বলাই বাহুল্য, উরুগুয়ের উদ্যোগে জাতিসংঘে পেশ করা হয়েছিল এই প্রস্তাব। প্রস্তাব পেশের ক্ষেত্রে সমর্থন জানিয়েছিল চিনও। ওই প্রস্তাবে, যত দ্রুত সম্ভব ইজরায়েলকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল, পূর্ব জেরুজালেম এবং দখল করে রাখা সিরিয়ার গোলানে প্রাকৃতিক সম্পদের শোষণ, ক্ষতি, নিঃশেষ বা বিপন্ন করা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে এই প্রস্তাবে এও বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের সম্পূর্ণ অধিকার রয়েছে তাঁরা তাঁদের সম্পদের ক্ষতি বা শোষণের ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

এখানেই শেষ নয়, ইজরায়েলের বসতি নির্মাণ এবং অন্যান্য কর্মকাণ্ড ফিলিস্তিনি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদে খারাপ প্রভাব ফেলেছে বলেও দাবি করা হয় ওই প্রস্তাবে। এছাড়াও জল সরবরাহের পাইপলাইন, নিকাশি ব্যবস্থা এবং বিদ্যুৎ নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস বন্ধ করার কথাও বলা হয় সেখানে। ওই প্রস্তাবে দ্রুত ফিলিস্তিনি জনগণের বাড়ি ঘরে হামলা চালানো থেকে শুরু করে সেই সব জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাজা সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন এবং উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় ওই প্রস্তাবে।

আরও পড়ুন: ব্যাট হাতে ব্যর্থ হয়েও বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

প্রসঙ্গত, ইজরায়েলের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনিদের উপর হওয়া হামলার প্রতিবাদে এবং তাদের ক্ষতিপূরণের দাবিকে একেবারে সমর্থন জানিয়ে প্রস্তাবে সবুজ সংকেত দেওয়ায় নানা মহলে প্রশংসিত হচ্ছে ভারত। বিশেষ করে ইজরায়েলে নির্বাচন সংঘটিত হওয়ার পরই ফিলিস্তিনিদের প্রতি ভারতের এই সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তাছাড়াও ভারতের এমন পদক্ষেপ আমেরিকার জন্য বেশ খানিকটা চিন্তার সে কথা বলাই যায়!

google button