প্রীতি পোদ্দার, কলকাতা: ছট উৎসবের সময় বন্ধ রাখতে হবে মাংসের দোকান (Chhath Puja Controversy)। শুধু তাই নয়, রাস্তায় কাটা খাসি মাংস লাল শালু দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে রামপুরহাট (Rampurhat) পুরসভার তরফে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিভিন্ন মহল থেকে প্রতিবাদও শুরু হয়েছে এই নোটিসকে ঘিরে। কিন্তু সেই নোটিস বাতিল নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দোকান বন্ধের নির্দেশ পুরসভার
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বীরভূমের রামপুরহাট পুরসভার অন্তর্গত কোর্টের গলিতে পরপর তিনটি মাংসের দোকান রয়েছে। আর এবার সেই দোকানগুলো আগামীকাল অর্থাৎ রবিবার ও সোমবার, দুদিনের জন্য বন্ধের নির্দেশ দিল পুরসভা। তাঁদের দাবি, ওই গলি দিয়ে অনেক মহিলা ছটি মাইয়ার জন্য ডালা মাথায় করে নিয়ে যায়। কিন্তু ওই গলিতে রক্ত ও মাংসের টুকরো পরে থাকে, যার ফলে ব্যাপক অস্বস্তির মধ্যে পড়েন তাঁরা। তাই তাঁদের কথা ভেবে দুইদিন ওই তিনটি মাংসের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অন্য সময় মাংস কাটতে হলে কাঁচের ঘরে লাল শালু দিয়ে ঢেকে কাটার নির্দেশ দেওয়া হয়েছে।
মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যে
রামপুরহাট পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলি। কংগ্রেসের দাবি, এতদিন ধরে ছট পুজো যেভাবে পালন করা হয়ে আসছে কোনদিনও এমন নিয়ম চালু করা হয়নি। কিন্তু বিজেপি সরকার আসতেই হঠাৎ করে এমন নিয়ম কেন জারি করা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই রামপুরহাটের পুজোকে ঘিরে রাজনৈতিক ঝামেলা বেড়েই চলেছে। স্থানীয়দের তরফে প্রশ্ন তোলা হয়েছে যে, খাদ্যাভ্যাসের ওপর রাজনৈতিক নির্দেশ চাপিয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? যদিও পুরসভার দাবি প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নোটিশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: রেশনে গুণমান খারাপ চাল-গমের? ১ ঘণ্টায় নেওয়া হবে ব্যবস্থা, বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর
উল্লেখ্য, রামপুরহাটে বহু বছর ধরে ছটপুজো উপলক্ষ্যে বাঙালি ও অবাঙালির মিলিত অংশগ্রহণে সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কোনোবার সেখানে এমন নির্দেশের প্রয়োজন হয়নি। অনেকে এই সময় স্বেচ্ছায় নিরামিষ খাবার গ্রহণ করেন, কেউ বা আমিষ খান কিন্তু জোর করে দোকান বন্ধের প্রথা এই এলাকায় কোনোদিন হয়নি। বাজারের এক প্রবীণ ব্যবসায়ীর কথায়, এত বছর ধরে এখানে ব্যবসা করছেন কিন্তু এমন ফরমান কোনওদিন শোনেননি। এখন দেখার এই নোটিস কতটা কার্যকর হয়।










