সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। ৪টি ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways Zone) তরফে হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশনের ওপর চাপ কমানোর জন্য শালিমার স্টেশনে (Shalimar Station) ৪টি ট্রেনকে সরানোর ব্যবস্থা করেছে বলে খবর। প্রশ্ন উঠছে রেল কেন এরকম সিদ্ধান্ত নিল? এর কতটা প্রভাব পড়বে যাত্রীদের ওপর? চলুন জেনে নিই।
৪টি ট্রেন সরল শালিমার স্টেশনে
সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব রেলওয়ে হাওড়া এবং সাঁতরাগাছির মতো জনবহুল স্টেশনের ওপর ভিড় কমাতে এবং ট্রেন পরিষেবা আরও উন্নত করতে চারটি ট্রেন শালিমারে স্থানান্তর করেছে। এই পদক্ষেপের উদ্দেশ্য যাত্রী হয়রানি কমানো, সঙ্গে হাওড়ায় প্ল্যাটফর্মের সুযোগ বৃদ্ধি করা এবং লাইফলাইন হিসেবে বিবেচিত লোকাল ট্রেনগুলোর মসৃণ চলাচল নিশ্চিত করা।
এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলওয়ে এক বিবৃতিতে বলেছে, “এই উদ্যোগের লক্ষ্য সাঁতরাগাছি এবং হাওড়ার মধ্যে ট্রেন চলাচলের সংখ্যা কমানো, যার মাধ্যমে হাওড়ায় প্ল্যাটফর্মের প্রাপ্যতা বৃদ্ধি পাবে, বিশেষ করে ডাউনের লোকাল ট্রেনগুলোর জন্য। এর ফলে বিশেষ করে লোকাল ট্রেনের পরিষেবা আগের তুলনায় সহজতর হবে, ভিড় কমবে এবং ট্রেন লেটের মতো সমস্যার সমাধান ঘটবে।”
আরও পড়ুনঃ ফুঁসছে নিম্নচাপ! ওড়িশা ও বাংলায় ধ্বংসযজ্ঞ চালাবে নতুন ঘূর্ণিঝড়? সতর্কতা জারি
কোন কোন ট্রেন শালিমারে সরেছে?
- ট্রেন নম্বর ২২৮৫১/২২৮৫২ সাঁতরাগাছি-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস গত ২৯ অক্টোবর, ২০২৬ থেকে শালিমার স্টেশন থেকেই চলাচল করছে।
- ট্রেন নম্বর ১৮০০৯/১৮০১০ সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস এখন শালিমার স্টেশন থেকে ছাড়ে।
- ট্রেন নম্বর ২২৮১৭/২২৮১৮ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস এখন শালিমার স্টেশন থেকে চলাচল করে।
- এর পাশাপাশি ট্রেন নম্বর ১২৮৬৭/১২৮৬৮ হাওড়া পুদুচেরি এক্সপ্রেস এখন শালিমার স্টেশন থেকে ছাড়ে।
এদিকে, ট্রেন নম্বর 12883/12884 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসের টার্মিনাল ব্যবস্থা নিয়মিত করা হয়েছে। ২৫ অক্টোবর, ২০২৬ থেকে ট্রেনটি এখন সাঁতরাগাছি থেকেই ছাড়ে এবং এখানেই শেষ হয়, ট্রেনটি ফেরার পথে আর হাওড়া যায় না।










