সৌভিক মুখার্জী, কলকাতা: শালবনির জমি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। বর্তমানে ডায়মন্ড হারবারের তৃণমূল কার্যালয় থেকে টাকা উদ্ধারের মামলায় পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। তবে পুলিশের হাতে ধৃত স্বামীর নিরাপত্তা আর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন সুমিতের স্ত্রী সুস্মিতা ঘোষ। কালীতলা আশুতি থানার একটি মামলায় ধৃত সুমিতের উপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং তাঁকে এনকাউন্টারে মেরে ফেলার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
এনকাউন্টারের আশঙ্কায় মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী
১৩ নভেম্বর মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন সুমিত রায়ের স্ত্রী। সুস্মিতা ঘোষের দাবি, তাঁর কাছে নির্ভরযোগ্য খবর রয়েছে যে শীঘ্রই অন্য একটি নতুন ক্রিমিনাল মামলায় বা নতুন করে শুরু হওয়া কোনও মামলায় তাঁর স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে। পাশাপাশি রাজ্যে পালাবদলের পর ইতিমধ্যেই এনকাউন্টারের সংখ্যা পৌঁছেছে ৪-এ। সেই সূত্রে তাঁর অভিযোগ, পুলিশি হেফাজতে সাম্প্রতিক সময়ের এনকাউন্টার ডেথের ঘটনা তাঁর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এমনকি এনকাউন্টারের গল্প সাজিয়ে তাঁর স্বামীকে খুন করা হতে পারে বলেই দাবি সুস্মিতার।
কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, ধৃত সুমিতকে হেফাজতে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত, যার ফলে নির্দিষ্ট নিয়মে ঘুমের প্রয়োজন হয় এবং ঘুমানোর জন্য তাঁকে সি-প্যাপ ব্যবহার করতে হয়। তবে পুলিশি হেফাজতে থাকাকালীন চিকিৎসার সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে এবং বন্দুক দেখিয়ে হুমকি দেখানো হচ্ছে। সুস্মিতা জানিয়েছেন, এই ধরনের প্রক্রিয়ার সুযোগ নিয়ে বা পুলিশ এনকাউন্টার বলে চালিয়ে যে কোনও সময় তাঁর স্বামীকে মেরে ফেলতে পারে।
আরও পড়ুন: পুরভোটে হাইকোর্টের স্থগিতাদেশের জের, এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
তবে সুস্মিতা রায়ের এই অভিযোগগুলি পেয়ে তদন্তের প্রয়োজন বলেই মনে করেছে মানবাধিকার কমিশন। সেই সূত্রে ডায়মন্ড হারবারের এসপিসহ চার পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার অবসরপ্রাপ্ত বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশনের বেঞ্চে সুস্মিতার অভিযোগের ভিত্তিতে শুনানি হয়। আর শুনানির পরপরই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, ডায়মন্ড হারবারের আইসি, কালীতলা আশুতি এবং উস্থি থানার ওসিদের নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। আর সেই দিনই পুলিশ আধিকারিককে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।










