বিক্রম ব্যানার্জী, কলকাতা: পঞ্চম অর্থাৎ শেষ ওয়ানডের আগে কিছুটা স্বস্তিতে ভারত (India Vs New Zealand)। কারণ, গত ম্যাচে বল হাতে তাণ্ডব চালিয়ে 6 উইকেট নেওয়া ম্যাট হেনরি (Matt Henry) শেষ ম্যাচে খেলতে পারছেন না। নিউজিল্যান্ডের হয়ে গতকাল ভারতীয় ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেওয়া দাপুটে বোলার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বিশেষ কারণে তিনি শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে সঙ্গ দিতে পারবেন না। কিন্তু কী সেই বিশেষ কারণ? জানা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই শেষ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তিনি।
টেস্টের প্রস্তুতি শুরু করবেন ম্যাট হেনরি
চতুর্থ ওয়ানডেতে 244 রানের বিরাট ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। আর সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কিউই তারকা ম্যাট হেনরি। এদিন রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ সহ মোট 6 জন ভারতীয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। নিউজিল্যান্ড তারকার বোলিং দেখে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা। অনেকেই আশা করছিলেন হয়তো শেষ ম্যাচেও এই প্লেয়ারকে ভারতকে ঘায়েল করতে ব্যবহার করবে নিউজিল্যান্ড! তবে সেটা হচ্ছে না।
ইতিমধ্যেই ম্যাট হেনরি জানিয়ে দিয়েছেন, 19 নভেম্বর থেকে ভারতের বিরুদ্ধে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের প্রস্তুতির জন্য শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। এহেন একজন বোলারের অনুপস্থিতি ভারতীয় ক্রিকেট দলের জন্য কিছুটা হলেও স্বস্তির, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, শেষ ম্যাচে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন নিউজিল্যান্ডের বাকি বোলারেরা। সেক্ষেত্রে সিরিজ জেতা স্বপ্নই থেকে যেতে পারে ভারতের।
আরও পড়ুন: ৪ ডিসেম্বর গুরুত্বপূর্ণ বৈঠক, বড়সড় সিদ্ধান্তের পথে মোহনবাগান!
উল্লেখ্য, প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে ছিল ভারত। তবে তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড জিততেই সিরিজে লিড কমেছে টিম ইন্ডিয়ার। বর্তমানে 2-1 ব্যবধানে এগিয়ে তারা। সেক্ষেত্রে শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিততে পারলে সমতা ফিরবে সিরিজে। তবে যদি ভারত জিতে যায় সে ক্ষেত্রে সিরিজটাই পকেটে উঠে যাবে মেন ইন ব্লুর।










