অনন্যা সরকার, কলকাতা: ২০২৬ সালের শেষ মাস ডিসেম্বরে রাহু ও কেতুর একটি গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন ঘটতে চলেছে (Rahu Ketu Transit)। দৃকসিদ্ধ পঞ্জিকা অনুসারে, আগামী ৫ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে ও একই সময়ে কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে পা রাখবে। জ্যোতিষশাস্ত্র মতে, ‘ছায়া গ্রহ’ হিসেবে পরিচিত এই দুই গ্রহ সর্বদা একে অপরের থেকে ১৮০ ডিগ্রি বা বিপরীত দিকে অবস্থান করে, তাই এদের রাশি পরিবর্তনও একই সঙ্গে ঘটে।
রাহু-কেতুর এই রাশি পরিবর্তনের তাৎপর্য
জ্যোতিষ বিশারদরা জানাচ্ছেন, রাহু ও কেতু প্রায় প্রতি ১৮ মাস অন্তর রাশি পরিবর্তন করে। এর মধ্যে রাহু উচ্চাকাঙ্ক্ষা, বিদেশ ভ্রমণ, জাগতিক সুখ-স্বাচ্ছন্দ্য এবং আকস্মিক ঘটা ঘটনার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, কেতু বৈরাগ্য, আধ্যাত্মিকতা এবং আত্মদর্শনের প্রতীক। ফলে, রাহুর মকর রাশিতে প্রবেশ চাকরি, দায়িত্ব এবং সামগ্রিকভাবে কর্মজীবনে প্রভাব ফেলতে পারে। আবার, কেতু কর্কট রাশিতে প্রবেশ করার পর গৃহশান্তি, পারিবারিক জীবন ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারে।
১২টি রাশির ওপর রাহু-কেতুর গোচরের সম্ভাব্য প্রভাব
- মেষ: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে চাকরি বদল বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
- বৃষ: আটকে থাকা কাজগুলি ভালোভাবে সম্পন্ন হবে এবং বিদেশ ভ্রমণ ও সেখানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। তবে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।
- মিথুন: রাহু কেতুর গোচরের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের হঠাৎ ব্যয় বৃদ্ধি এবং কাজের চাপ বাড়তে পারে। ঋণ, কোনও বিশেষ চুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
- কর্কট: কেতু কর্কটেই প্রবেশ করছে, তাই এই রাশির জাতক-জাতিকাদের মনোযোগের বিচ্যুতি ও সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আবেগবশত কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
- সিংহ: এই গোচরের ফলে বিদেশ ভ্রমণ বা সেখানে কাজের সম্ভাবনা থাকলেও, অপ্রয়োজনীয় ব্যয় ও তাড়াহুড়ো করে বিনিয়োগ করা থেকে বিরত থাকা উচিত।
- কন্যা: রাহু ও কেতুর রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আয়ের নতুন পথ উন্মোচিত হতে পারে। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা পেতে পারেন ও ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট আসার সুযোগ। তবে প্রেম ও সন্তানদের বিষয়ে ধৈর্য ধরতে হবে।
- তুলা: পেশাগত ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, পারিবারিক ব্যয় এবং সম্পত্তি সংক্রান্ত নথিপত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।
- বৃশ্চিক: রাহু কেতুর গোচরে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য উচ্চশিক্ষা, দূর ভ্রমণ ও নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হবে। বিচক্ষণতার সাথে বিনিয়োগ করবেন।
- ধনু: এই সময় অপ্রত্যাশিত ব্যয় ও পুরনো কোনো সংঘাত পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বড় কোনো বিনিয়োগের আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া শ্রেয়।
- মকর: রাহু মকর রাশিতে প্রবেশ করছে, এসময় উচ্চাকাঙ্ক্ষার সাথে সাথেই কর্মজীবনেও সুযোগ বাড়তে পারে, তবে দ্রুত সাফল্যের আশায় কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না।
- কুম্ভ: কঠোর পরিশ্রমের সুফল মিলতে পারে। তবে ঋণ, ব্যয় এবং বিবাদের ক্ষেত্রে সংযত থাকতে হবে।
- মীন: আয় ও পারিবারিক বিষয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ ও পদোন্নতির যোগ। তবে এই সময় পূর্বজ্ঞান ছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ না করাই ভালো।
আরও পড়ুন: শনি মেষে প্রবেশ করতেই তিন রাশির উপর থেকে সরবে দুর্ভাগ্যের কালো ছায়া, বইবে সুখ সমৃদ্ধির বন্যা
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ও কেতুর এই গোচর চলাকালীন সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ পোষণ করা বা আবেগতাড়িত হয়ে কোনো কাজ করা, বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়া কিংবা হুট করে বিনিয়োগ করা থেকে বিরত থাকাই শ্রেয়। এই সময় দৈনন্দিন রুটিন, পারিবারিক সম্পর্ক ও স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।










