অনন্যা সরকার, কলকাতা: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকের কাছেই জীবনের অন্যতম লক্ষ্য। তার জন্য বহু আত্মত্যাগ, পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনার প্রয়োজন হয়। এই চারের মিশল যার মধ্যে থাকে, সে-ই দেশের এই কঠিনতম পরীক্ষায় সফল হতে পারে। যেমন মাত্র ২১ বছর বয়সে প্রথম প্রচেষ্টাতেই ইউপিএসসি-তে উত্তীর্ণ হয়ে আইএএস (IAS) অফিসার হয়ে নিজের দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন আনসার আহমেদ শেখ (UPSC Success Story of IAS Ansar Ahmad Shaikh)। মহারাষ্ট্রের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলেটি শত প্রতিকূলতার মধ্যেও নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। সম্প্রতি তাঁর নাম একটি চলমান তদন্তের সঙ্গেও জড়িয়েছে। আসুন তাহলে আনসার আহমেদ শেখের এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
দারিদ্র্য থেকে স্বপ্নের পথে যাত্রা
মহারাষ্ট্রের জালনা জেলার শেলগাঁও গ্রামের বাসিন্দা আনসার শেখ ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছেন। তাঁর বাবা অটোরিকশা চালাতেন এবং মা কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। আর্থিক অনটনের কারণে তাঁর ভাই স্কুল ছেড়ে একটি গ্যারেজে কাজ নিতে বাধ্য হয়। তিনি যেখানে বড় হয়ে উঠেছেন, সেই অঞ্চলে মৌলিক সুযোগ-সুবিধারও তীব্র অভাব ছিল।
এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আনসার নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার দৃঢ় সংকল্পে অটল ছিলেন। পুনের ফার্গুসন কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পড়ার সময়ই তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। তিনি দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করতেন, তার সাথে কোচিং ক্লাসেও অংশ নিতেন। তাঁদের দুর্বল আর্থিক অবস্থার কথা বিবেচনা করে কোচিং সেন্টার কর্তৃপক্ষ তাঁর ফি মকুব করে দিয়েছিল।
আরও পড়ুন: রাখলেন দাদুকে দেওয়া প্রতিশ্রুতি! নিজের বেতনে স্কুল গড়লেন শবর শিশুদের ‘পুলিশ বাবা’ অরূপ
২০১৬ সালে মাত্র ২১ বছর বয়সে, আনসার আহমেদ শেখ প্রথম প্রচেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষায় ৩৬১তম স্থান অর্জন করেন। প্রশিক্ষণের পর তাঁকে পশ্চিমবঙ্গ ক্যাডারে নিযুক্ত করা হয়, যার ফলে তাঁর কাছে রয়েছে দেশের সর্বকনিষ্ঠ আইএএস অফিসারের তকমা। তাঁর ১০ বছরের কর্মজীবনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। তবে, পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়, সেই তদন্তের সূত্রেই এখন তাঁর নামও উঠে এসেছে।
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নদীর তীর থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আনসার শেখকে জিজ্ঞাসাবাদ করেছে। ইডি-র সমন পেয়ে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) তাদের কার্যালয়ে হাজির হন। এই অনুসন্ধানে সন্দেহজনক আর্থিক লেনদেন ও কোটি কোটি টাকা জড়িত থাকার অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। যদিও, তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনো প্রমাণিত হয়নি ও তদন্ত এখনো জারি রয়েছে।










