ফের বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, দক্ষিণবঙ্গের পারদ আরও নিম্নমুখী, আজকের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কাই সত্যি হল। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন,  এটি ধীরে ধীরে তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার এটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ১৬ নভেম্বর সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপটি কেন্দ্রীয় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সময়কালে সিস্টেমটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বাংলায় কি বৃষ্টি হবে? উত্তর হল হ্যাঁ। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি নতুন করে ভিজতে পারে। সঙ্গে আবার পারদ পতনেরও পূর্বাভাস রয়েছে। আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ শনিবার দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জায়গার আবহাওয়া শুকনোই থাকবে। পুরুলিয়া থেকে বাঁকুড়া, বীরভূম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এর পাশাপাশি এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২০ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে আরও প্রায় দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) ?  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় এদিন বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের আগে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ১১৮ বছরের ব্যবধানে পাঁচ প্রজন্মের জন্মদিন একটাই! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল পরিবার

আগামীকালের আবহাওয়া

রবিবারও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। তবে ১৯ নভেম্বর থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিন হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। নতুন সিস্টেমের ফলে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। সমতল জায়গায় হালকা বৃষ্টি ও প্রবল হাওয়ার কারণে তাপমাত্রা কমে যেতে পারে।

google button