১১৮ বছরের ব্যবধানে পাঁচ প্রজন্মের জন্মদিন একটাই! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল পরিবার

Published:

Five Generations Same Birthday Guinness World Records

অনন্যা সরকার, কলকাতা: এ এক অদ্ভুত সমাপতন! যেন বিধাতাই রচনা করেছেন কোনো অদ্ভুত খেলা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়ার (Iowa) বেল-হার্লো পরিবার এক অভাবনীয় পারিবারিক কাকতালীয়তার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম লিখিয়েছে। এই পরিবারের পাঁচ প্রজন্মের সদস্যই একই দিন – ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন, যা ১৯০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১৮ বছরের ব্যবধানে বিস্তৃত। গিনেস কর্তৃপক্ষ এই পরিবারকে “একই দিনে জন্ম নেওয়া সর্বাধিক প্রজন্ম” (Most generations born on the same day) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এই কাকতালীয়তার সূচনা হয় ১৯০৭ সালে 

একই দিনে জন্মগ্রহণ করার এই ধারার সূচনা করেন উইলবার হার্লো, যিনি ১৯০৭ সালের ১৪ সেপ্টেম্বর জন্মেছিলেন। এর পরের প্রজন্মে ১৯৪৯ সালে তাঁর মেয়ে অ্যাডি হার্লো একই তারিখে জন্মান। এরপর ১৯৭২ সালে অ্যাডির ছেলে ডোনাল্ড ‘ফ্রেড’ হার্লো, ১৯৯৭ সালে ফ্রেডের মেয়ে এমা বেল এবং ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর এমার ছেলে আর্থার বেল জন্মগ্রহণ করে। আর্থারের আগমনের পর পরিবারটি এই পাঁচ প্রজন্মের রেকর্ড অর্জন করে।

দীর্ঘদিন ধরে হার্লো পরিবারে এটি ছিল কেবল পারিবারিক আনন্দের এক বিশেষ সমাপতন। এমা জানান যে, ছোটবেলা থেকেই তাঁর ঠাকুমা প্রতি বছর বলতেন, “তোমাকে ১৪ সেপ্টেম্বরই একটি ছেলে সন্তানের জন্ম দিতে হবে।” দ্বিতীয় সন্তানের সম্ভাব্য জন্মতারিখ ১৪ সেপ্টেম্বর হবে জানার পর এমা পারিবারিক এই ঐতিহ্য বজায় রাখার দৃঢ় ইচ্ছা পোষণ করেন। তাঁর প্রথম সন্তান নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হলেও, আর্থার ঠিক নির্ধারিত দিনেই জন্মায়।

আরও পড়ুন: সমুদ্রে ডুবিয়ে দেওয়া হল বিশ্বের দ্রুততম ঐতিহাসিক জাহাজ, কারণ জানলে চমকে যাবেন!

তবে শুধু জন্মতারিখই নয়, পাঁচ প্রজন্মের লিঙ্গেও রয়েছে আশ্চর্য ক্রম – উইলবার, অ্যাডি, ফ্রেড, এমা ও আর্থার, অর্থাৎ পুরুষ-মহিলা-পুরুষ-মহিলা-পুরুষ। এমার বাবা ফ্রেড জানান, পরিবারের সবাই একই দিনে জন্মানোর বিষয়টিকে বিশেষ মনে করতেন, তবে বিশ্বরেকর্ডের সম্ভাবনার কথা আগে কেউ ভাবেননি। 

ফ্রেডের কথায়, সন্তান তো ঈশ্বরের আশীর্বাদের মতো, আর আমাদের পরিবারে এটি সত্যিই অনন্য উপহার। গিনেস কর্তৃপক্ষ জানায়, এর আগে চার প্রজন্ম পর্যন্ত একই জন্মদিনের নজির থাকলেও, পাঁচ প্রজন্মের নথিভুক্ত হওয়ার উদাহরণ এই প্রথম। বেল-হার্লো পরিবারের বার্ষিক জন্মদিনের উদযাপনে এবার যুক্ত হল গিনেসের আনুষ্ঠানিক স্বীকৃতি। এমা বলেন, তাঁর প্রয়াত ঠাকুমা এই স্বীকৃতির কথা জানলে খুবই খুশি হতেন, কারণ ১৪ সেপ্টেম্বরে একটি পুত্রসন্তানের জন্মের কামনা অবশেষে পূরণ হয়েছে।

google button