প্রীতি পোদ্দার, কলকাতা: কার্তিক মাসের শেষ লগ্নে বেশ শীতের আমেজ দেখা গিয়েছে রাজ্য জুড়ে। ভোর ও রাতের দিকে বেশ কনকনে ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। আগামীকাল, শনিবারও (Weather Tomorrow) এমনই শুষ্ক ও শীতল আবহাওয়া থাকবে উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal)। এদিকে শীতল আবহাওয়ার মাঝেই বঙ্গোপসাগরে ফের দুর্যোগের আশঙ্কা দেখা গিয়েছে। আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে আজ ভোরে। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে কিনা তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এইমুহুর্তে উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঠান্ডার আমেজ রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদপতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিনে আরও প্রায় দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে।
ঘূর্ণিঝড়ের চোখরাঙানি
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শীতের আমেজের মাঝেই বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আখবান’। তবে আগের দুটি ঘূর্ণিঝড়ের তুলনায় এর শক্তি অনেকটাই কম থাকতে পারে বলে মনে করছেন আবহবিদরা। জানা গিয়েছে, আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে এবং শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। রবিবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সোমবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবটাই এখন সম্ভাবনা।
আরও পড়ুন: NCPI ছেড়ে ফের মমতার তৃণমূলে ফিরছেন আরেক সাংসদ? চলছে রাজনৈতিক জল্পনা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকাল শনিবারও পার্বত্য উত্তরে জেলাগুলিতে সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশ থাকবে। সোমবারের মধ্যে সেখানকার জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।










