সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ নভেম্বর, শুক্রবার। বাস দুর্ঘটনায় গণপ্রাণহানি, বিজেপির কার্যালয়ে হামলা, আবাস যোজনা নিয়ে বড় বার্তা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অসমে বাস দুর্ঘটনায় মৃত্যু ২৩ জনের
ভয়ংকর বাস দুর্ঘটনা অসমে। কাজিরাঙার কাছে শুক্রবার মিনিবাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। এমনকি আহত হয়েছেন আরও ৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, ওই মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁওর দিকে যাচ্ছিল। তবে কাজিরাঙার কাছে রঙ্গাজান এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) বাংলায় নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ নভেম্বর তাঁর হাত ধরে উদ্বোধন হতে পারে কলকাতা মেট্রোর বহু প্রতীক্ষিত অরেঞ্জ লাইনের গুরুত্বপূর্ণ অংশ। সবকিছু ঠিকঠাক থাকলে এদিন নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হতে পারে বলেই খবর। আগামী ২১ তারিখ সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করতে পারেন। আর এই মেট্রো প্রকল্প উদ্বোধন হলে সাধারণ যাত্রীরা আরও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) ঘরবন্দি হয়ে পড়লেন সোনম ওয়াংচুক
এবার ঘরবন্দি হয়ে পড়লেন লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ তথা পরিবেশ বিশেষজ্ঞ সোনম ওয়াংচুক। তাঁর অনশনের জোরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে বৃহস্পতিবার গভীর রাতে এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন যে, বুধবার রাত থেকে তাঁর বাসভবনের বাইরে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এমনকি গোটা এলাকা তাঁবু দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তাঁকে বাড়ি থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) আবাস যোজনার ভুয়ো উপভোক্তাদের টাকা ফেরতের নির্দেশ
আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য সরকার। তবে যে সমস্ত ভুয়ো উপভোক্তা টাকা পেয়েছেন, তাদের ফেরতের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি যদি কেউ টাকা ফেরত না দিতে চায়, তাহলে সেক্ষেত্রে তদন্তের জন্য প্রয়োজনে সিআইডির সিট গঠন করা হবে বলেও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ হাজার অযোগ্য প্রাপক টাকা পেয়েছেন। তাদের মধ্যে ১০০০ জন টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার। বাকিদের ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিতে হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) জাহাঙ্গীর খানের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ হাইকোর্টের
হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান তথা পুষ্পা। নির্বাচনে ভরাডুবির পর তাঁর একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। তবে সরকারি জমি দখল করে তৈরি জাহাঙ্গীরের বাড়িতে বুলডোজার চালায় প্রশাসন। তবে জেলবন্দি অবস্থাতেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ আপাতত বাড়ি ভাঙা বন্ধ হবে জাহাঙ্গীর খানের। বিচারপতি জানিয়েছেন, আগামী সোমবার এই মামলার শুনানি হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) নতুন জেলা তৈরি হচ্ছে সুন্দরবন
সুন্দরবন নিয়ে এবার বড় সিদ্ধান্ত। বাংলার মানচিত্রে নতুন করে জেলা হিসেবে আবির্ভাব ঘটবে সুন্দরবনের, এমনই চলছে জল্পনা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা নিয়ে নতুন সুন্দরবন জেলা গড়ে উঠবে। সবকিছু ঠিকঠাক থাকলে মোট ১৯টি ব্লককে অন্তর্ভুক্ত করেই এই প্রশাসনিক জেলা গঠন করা হবে। এর ফলে সুন্দরবনের দীর্ঘদিনের প্রশাসনিক এবং পরিকাঠামগত সমস্যাগুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা দুষ্কৃতীদের
রাতের অন্ধকারে দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। এমনকি পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। প্রমাণ লোপাট করার জন্য রাস্তার সিসিটিভি ক্যামেরার তার কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে গান্ধী মোড়ের কাছে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। খবর জানাজানি হতেই বিজেপি কর্মীরা ছুটে আসে। তবে অভিযোগের আঙুল উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) ভয়াবহ আগুনের কবলে বালি হল্ট স্টেশন
শুক্রবার সকালে ভয়াবহ আগুনের কবলে পড়ে বালি হল্ট বাসস্ট্যান্ডের নিচে বন্ধ দোকান। এদিন প্রথমে বালি ট্রাফিক পুলিশের নজরে আসে আগুন। এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগকে। খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগুন লাগার কারণে প্রায় চার থেকে পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও আগুনের সূত্রপাত কী তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) ডিজেলের দাম নিয়ে সুখবর শোনালেন প্রধানমন্ত্রী
দিনের পর দিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যতই হোক না কেন, সাধারণ মানুষের পকেটে যাতে বেশি চাপ না পড়ে, সেই জন্য বিরাট সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এদিন নরেন্দ্র মোদী জানিয়েছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে প্রতি লিটারে প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়াতে হতো ডিজেলের দাম। তবে পরিবর্তে দাম মাত্র ৭ টাকা বাড়িয়েছে সরকার এবং বাকি ৪৩ টাকার বোঝা সরকারই বহন করেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) পুরীতে ভয়াবহ বাস দুর্ঘটনা
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাংলা থেকে ছাড়া পুরীগামী একটি যাত্রীবাহী বাস এদিন দুর্ঘটনার কবলে পড়েছে বলেই খবর। আজ অর্থাৎ শুক্রবার উড়িষ্যার জাজপুরের বড়চানা থানা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে ওই বাসটি। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাসে ৫৫ জন যাত্রী ছিলেন বলে খবর। জানা গিয়েছে, জাজপুর জেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে আচমকা সংঘর্ষ হয় ওই বাসটির। তাতেই এই পরিস্থিতি তৈরি হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










