অনন্যা সরকার, কলকাতা: ভারত সরকারের খাদ্য গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা বিনামূল্যের চাল, গম বা অন্যান্য খাদ্যসামগ্রীগুলি দেশের বহু দরিদ্র পরিবারের কাছে বড় ভরসা। সম্প্রতি প্রতিবেশী রাজ্য বিহারের সরকার রেশন কার্ড (Ration Card) নেই এমন যোগ্য পরিবারগুলির জন্য সুখবর নিয়ে এসেছে। সে রাজ্যের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা বিভাগের লক্ষ্য হলো ১ কোটি নতুন গ্রাহককে রেশন কার্ড প্রকল্পের আওতায় আনা, এর মধ্যে প্রায় ২৪ লক্ষ মানুষ ইতিমধ্যে তালিকাভুক্ত হয়েছেন।
নতুন রেশন কার্ড বিতরণ
বৃহস্পতিবার, (১২ নভেম্বর) পাটনার জ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২৩.৭৫ লক্ষ নতুন সুবিধাভোগীর হাতে রেশন কার্ড তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে ১,৪৪৮টি নতুন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) দোকানকে লাইসেন্স প্রদান করা হয়। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন যে, যোগ্য পরিবারগুলো আবেদন জমা দেওয়ার ৩০ দিনের মধ্যেই তাদের নতুন রেশন কার্ড পেয়ে যাবে। তিনি যাদের এখনও রেশন কার্ড নেই, তাদের দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছেন।
বর্তমানে বিহারে ৯.৯ কোটি সক্রিয় রেশন কার্ড রয়েছে, যার মাধ্যমে প্রায় ৮.৪৮ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। এছাড়া, আগামী বছর থেকে ৭৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের বাড়িতে সরাসরি রেশন পৌঁছে দেওয়ার একটি পরিষেবা চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।
আরও পড়ুন: ট্রেনে আর থাকবে না RAC সিস্টেম? বড় সিদ্ধান্ত নেওয়ার পথে রেল
নতুন রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করা যাবে?
নতুন রেশন কার্ডের জন্য অনলাইন ও অফলাইন – দুইভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে, বিহারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা দফতরের অফিসিয়াল পোর্টালে গিয়ে আরসি অনলাইন (RC Online) অথবা সিটিজেন লগইন (‘Citizen Login) অপশনটি নির্বাচন করতে হবে।
এরপর আধার ওটিপি (Aadhaar OTP) বা ‘মেরি পেহচান’ (Meri Pehchan)-এর মাধ্যমে রেজিস্ট্রেশনের পর ‘অ্যাপ্লাই ফর অনলাইন আরসি’ (Apply for Online RC) অপশনটি বেছে নিতে হবে এবং আবেদনকারী গ্রামে থাকেন নাকি শহরাঞ্চলে, তা উল্লেখ করতে হবে। আবেদন ফর্মে পরিবারের সকল সদস্যের বিবরণ দিতে হবে এবং আধার কার্ডের কপি, ছবি ও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন নম্বর বা রসিদ নম্বরটি সেভ করে রাখা দরকার, পরে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য।
অন্যদিকে অফলাইনে আবেদনের ক্ষেত্রে, নিকটস্থ ব্লক অফিস বা আরটিপিএস ( Right to Public Services) কাউন্টার থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। নিজের সই করা (self-attested) প্রয়োজনীয় নথিপত্রের কপি ফর্মের সঙ্গে সংযুক্ত করে, তা কার্যালয়ে জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে – পরিবারের সকল সদস্যের আধার কার্ড, পরিবারের ছবি, আয়ের শংসাপত্র, বসবাসের শংসাপত্র, জাতিগত ও প্রতিবন্ধকতার শংসাপত্র (যেখানে প্রয়োজন), ব্যাংক পাসবুক এবং মোবাইল নম্বর। নথিপত্র যাচাই করার পর, যোগ্য আবেদনকারীরা ১৫ থেকে ৩০ দিনের মধ্যে তাদের নতুন রেশন কার্ড পেয়ে যাবেন।










