সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) সমস্ত টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট বা অস্থায়ী ডেপুটেশন নির্দেশ অবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত নিল জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ। শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংসদের চেয়ারম্যানের সই করা ওই বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার সমস্ত সার্কেলের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশ পাঠানো হয়েছে বলেই খবর। এমনকি ২০ নভেম্বরের মধ্যেই স্কুলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষকদের নিজের বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে বিদ্যালয় পরিদর্শক বা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্দেশে বেশ কিছু প্রাথমিক শিক্ষককে তাদের মূল বিদ্যালয় থেকে একই সার্কেলের বা অন্য কোনও বিদ্যালয়ে অস্থায়ীভাবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সমস্ত অস্থায়ী নিয়োগের আদেশ আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল শিক্ষা অধিকার দফতরের বিশেষ নির্দেশে যারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বাতিলের নির্দেশ কার্যকর হবে না। তারা আপাতত যেখানে কর্মরত রয়েছেন, সেখানেই কাজ চালিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে উল্লেখ্য, অস্থায়ীভাবে নিযুক্ত সমস্ত শিক্ষককে আগামী ২০ নভেম্বরের মধ্যেই নিজের বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অসমে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু একাধিক পড়ুয়া সহ ২৩ জনের
এদিকে সমস্ত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে এই নির্দেশ কার্যকর করার জন্য আগামী ২১ নভেম্বরের মধ্যে সংসদে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি কোনও সার্কেলে সিঙ্গেল টিচার স্কুল বা একজন শিক্ষক বিশিষ্ট বিদ্যালয় থাকলে সেখানে পঠনপাঠন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ইন্ট্রা সার্কেল অ্যাডজাস্টমেন্ট এর নতুন প্রস্তাব ওই একই তারিখের মধ্যেই পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।










