প্রীতি পোদ্দার, কলকাতা: পেট্রোল ডিজেলের (Diesel Price) দামবৃদ্ধির জেরে সাধারণ মানুষের পকেটে বেশ চাপ পড়ছে। এদিকে দাম নাকি আরও বাড়তে পারত। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যতই ঊর্ধ্বমুখী হোক না কেন, তার প্রভাব যাতে সাধারণ মানুষের পকেটে বেশি না পড়ে (Diesel Price Control In India), সেই চেষ্টাই নাকি করে চলেছে কেন্দ্রীয় সরকার। কীভাবে দামবৃদ্ধির বোঝা সামলে সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দেওয়া হয়েছে, এবার সেই হিসেবই বিস্তারিতভাবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কৃষকদের নিয়েও খুললেন মুখ।
প্রতি লিটারে ডিজেল বাড়ত ৫০ টাকা!
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, “পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে প্রতি লিটারে প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়াতে হত ডিজেলের দাম। কিন্তু কেন্দ্রীয় সরকার এর সম্পূর্ণ বোঝা সাধারণ নাগরিক ও কৃষকদের ওপর চাপিয়ে দেয়নি। উল্টে, সরকার ডিজেলের দাম প্রতি লিটারে মাত্র সাত টাকা বাড়িয়েছে এবং বাকি ৪৩ টাকার বোঝা নিজেরাই বহন করেছে, যার ফলে সরকারকে প্রতি মাসে প্রায় ১৪,০০০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে।”
সার সরবরাহ নিয়ে কী বলছেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল। তবুও ভারত দাম নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু এতদিনে প্রতিবেশী দেশগুলোতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।” এছাড়াও সারের জোগান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “গত ১২ বছরে কৃষকদের সস্তায় সার সরবরাহ করতে সরকার ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। এমনকি পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে যেখানে প্রায় ৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে ৫০ কেজির ডিএপি সারের বস্তা, সেখানে কৃষকদের মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা পুরীগামী বাসের, আহত একাধিক বাঙালি পুণ্যার্থী
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, স্বাধীনতার পর প্রথমবার গত এক দশকে ভারতে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের বেশি হয়েছে। কৃষিকাজের খরচ নিয়ন্ত্রণে রাখা এবং সাশ্রয়ী মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে রয়েছে। এছাড়াও বিশ্বব্যাংকের একটি সমীক্ষা উল্লেখ করে তিনি জানান, “গত ১২-১৩ বছরে ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন। কৃষিকে সামাজিক জীবনের ভিত্তি হিসেবে না ধরলে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।”










