শহরের চাকরিতে মন টেকেনি, গ্রামে ফিরে কলমের বেগুন চাষে অসাধারণ সাফল্য হুগলির কৃষকের

Published:

Success Story of Grafted Brinjal Farmer Debabrata Hazra

অনন্যা সরকার, হুগলি: প্রচলিত চাষাবাদে অনেক সময়ই কৃষকরা আশানুরূপ আয় করতে পারেন না। এমনকি কিছু সময় তাদের লোকসানের সম্মুখীনও হতে হয়। তাই বাংলার অনেক কৃষিজীবী বিকল্প ফসল বা চাষের পদ্ধতির দিকে ঝুঁকছেন। হুগলি জেলার আরামবাগ মহকুমার মলয়পুর অঞ্চলের পূর্ব হরিপুর গ্রামের বাসিন্দা দেবব্রত হাজরা প্রথাগত চাষাবাদের গণ্ডি পেরিয়ে আধুনিক ‘গ্রাফটিং’ বা কলম পদ্ধতিতে বেগুন চাষ করে এলাকায় এক অনন্য নজির স্থাপন করেছেন (Success Story of Debabrata Hazra)। তাঁর দাদা সুব্রত হাজারও তাঁকে এ ক্ষেত্রে যোগ্য সঙ্গত দিয়ে চলেছেন। ধানক্ষেতের মাঝে অবস্থিত তাঁর এই বেগুনের জমি স্থানীয় কৃষকদের কাছে নতুন আশার প্রতীক হয়ে উঠেছে।

কীভাবে শুরু হল কলমের বেগুন চাষের যাত্রা ?

দেবব্রতর দাদা সুব্রত হাজরা আগে একাই প্রথাগত পদ্ধতিতে তাঁদের এই জমিটিতে চাষ করতেন। বাবার অসুস্থতা ও মৃত্যুর পর দেবব্রত কলকাতায় একটি বেসরকারি সংস্থায় ১০-১২ বছর কাজ করেন, কিন্তু সেখানে থেকে তিনি কখনোই প্রকৃত তৃপ্তি পাননি। শেষ পর্যন্ত শিকড়ের টান ও কৃষিকাজের প্রতি আকর্ষণ তাঁকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। পরিবারের আর্থিক সংকট দূর করতে তিনি আধুনিক পদ্ধতিতে সবজি চাষের পথ বেছে নেন। এক্ষেত্রে তিনি ইউটিউব ভিডিও, একাধিক কৃষি বিশেষজ্ঞ এবং হুগলি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ গ্রহণ করেন।

গ্রাফটিং পদ্ধতিতে, অধিক ফলনশীল হাইব্রিড প্রজাতি ‘ভিএনআর ২১২’ (VNR 212)-এর একটি অংশকে ‘টরভাম’ (Torvum) নামক এক বুনো প্রজাতির বেগুন বা তিতবেগুনের শক্তিশালী মূলের (rootstock) সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই কৌশলের ফলে মাটিতে থাকা গাছ নেতিয়ে পড়া (wilting) রোগ, রোগজীবাণুর সংক্রমণ এবং জল জমে যাওয়ার কারণে ফসলের ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে যায়। এই পদ্ধতিতে জন্মানো গাছগুলো খরা ও ভারী বৃষ্টিপাত – দুই ধরণের প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধেই অধিক সহনশীল হয়। এছাড়া, এই কলমের গাছগুলো থেকে দীর্ঘ সময় ধরে ফসল পাওয়া যায় এবং উৎপাদিত বেগুনগুলো আকারে বড়, চকচকে রঙের ও ওজনে ভারী হয়। ফলে রাসায়নিক উপকরণের পেছনে খরচও তুলনামূলকভাবে কম হয়।

আরও পড়ুন: প্রচলিত চাষাবাদ ছেড়ে লাক্ষা চাষ ও শূকর পালনে ব্যাপক সাফল্য পুরুলিয়ার কৃষকের

শুরুর দিকে দেবব্রত ছত্তিশগড়ের রায়পুরের একটি নার্সারি থেকে ৫০০টি কলম করা বেগুনের চারা সংগ্রহ করেছিলেন। ভালো ফলন ও বাজারে ব্যাপক চাহিদা দেখে তিনি এই পদ্ধতিতে কৃষিকাজের পরিধি আরও বাড়ান। উঁচু বেড তৈরি, বাঁশের খুঁটি বা মাচার ব্যবহার, কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থা, জৈব ও রাসায়নিক সারের সুষম প্রয়োগ এবং নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থার কারণে গাছগুলিতে ভাল ফলন হয়। এছাড়া ফুলকপি চাষেও ভাল লাভ করছেন দুই ভাই। 

দেবব্রত ও তাঁর  দাদা সুব্রত হাজরার এই উদ্ভাবনী উদ্যোগ প্রমাণ করে যে, সঠিক প্রযুক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ছোট কৃষকরাও ছোট জমি থেকে অধিক আয় করতে পারেন এবং বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি-নির্ভর কৃষিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দেবব্রতর এই সাফল্য তাঁদের অঞ্চলের আরও অনেক কৃষককে গ্রাফটিং পদ্ধতিতে বেগুন চাষে উৎসাহিত করেছে।

google button