সর্বনিম্ন ৭.২% সুদের হারে গৃহঋণ, জেনে নিন দেশের ১০ ব্যাংকের হোম লোনের ইন্টারেস্ট রেট

Published:

Home Loan Bank Interest Rate

অনন্যা সরকার, কলকাতা: প্রত্যেকের জীবনে বাড়ি বানানো একটা বড় স্বপ্ন। কিন্তু অনেক সময়ই শুধুমাত্র সঞ্চয়ের টাকা দিয়ে বাড়ির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় না। বাধ্য হয়েই তখন ঋণদাতার শরণাপন্ন হতে হয়। যখনই কারও গৃহঋণের (Home Loan) প্রয়োজন হয়, তখন তারা একটি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ব্যাংকের সন্ধান করেন। অনেকেই গৃহঋণ চূড়ান্ত করার আগে বিভিন্ন ব্যাংকের সুদের হারের তুলনা করে দেখে নেন। আপনিও যদি বর্তমানে গৃহঋণের খোঁজ করে থাকেন, তাহলে এই নিবন্ধে আপনাদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আসুন তাহলে ১০টি সুপরিচিত ব্যাংকের হোম লোনের সুদের সর্বোচ্চ ও সর্বনিম্ন হার দেখে নেওয়া যাক। 

দেশের ১০টি ব্যাংকের হোম লোনের সুদের হার

জানিয়ে রাখি, ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই (IDBI) ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক – এই ব্যাংকগুলি বেতনভুক্ত ব্যক্তিদের গৃহঋণ প্রদান করে। এগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন সুদের হার হল – 

  • ব্যাংক অফ বরোদার সর্বনিম্ন সুদের হার ৭.২% এবং সর্বোচ্চ সুদের হার ৮.৯৫%
  • সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বনিম্ন সুদের হার ৭.২৫% এবং সর্বোচ্চ সুদের হার ৯%
  • ব্যাংক অফ মহারাষ্ট্রের সর্বনিম্ন সুদের হার ৭.২৫% এবং সর্বোচ্চ সুদের হার ৯.৪%
  • ইন্ডিয়ান ব্যাংকের সর্বনিম্ন সুদের হার ৭.৩৫% এবং সর্বোচ্চ সুদের হার ৮.৮%
  • ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বনিম্ন সুদের হার ৭.৩৫% এবং সর্বোচ্চ সুদের হার ১০.২৫%
  • ইউকো ব্যাংকের সর্বনিম্ন সুদের হার ৭.৪% এবং সর্বোচ্চ সুদের হার ৯.৫%
  • ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বনিম্ন সুদের হার ৭.৪% এবং সর্বোচ্চ সুদের হার ৯.৬%
  • আইডিবিআই ব্যাংকের সর্বনিম্ন সুদের হার ৭.৪% এবং সর্বোচ্চ সুদের হার ১০%
  • পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের সর্বনিম্ন সুদের হার ৭.৪% এবং সর্বোচ্চ সুদের হার ১১.৫% 
  • ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সর্বনিম্ন সুদের হার ৭.৪৫% এবং সর্বোচ্চ সুদের হার ৮.৪৫%

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠানোর সুযোগ, নিয়ম শিথিল করল RBI

২০ লক্ষ টাকার হোম লোনের ক্ষেত্রে ইএমআই (EMI) কত হবে?

ধরা যাক, কোনো ব্যক্তি ব্যাংক অফ বরোদা থেকে ১০ বছরের মেয়াদে ২০ লক্ষ টাকার গৃহঋণ নিলেন। তাহলে সর্বনিম্ন ৭.২% সুদের হারে মাসিক ইএমআই হবে ২৩,৪২৮ টাকা। এক্ষেত্রে, তাঁকে মোট সুদ দিতে হবে ৮,১১,৪০৫ টাকা এবং মোট পরিশোধযোগ্য অর্থের পরিমাণ হবে ২৮,১১,৪০৫ টাকা। অন্যদিকে, সর্বোচ্চ ৮.৯৫% সুদের হারে ইএমআই হবে ২৫,২৮১ টাকা। এই পরিস্থিতিতে, মোট সুদের পরিমাণ হবে ১০,৩৩,৭২৮ টাকা এবং মোট ৩০,৩৩,৭২৮ টাকা পরিশোধ করতে হবে। 

তবে মনে রাখবেন, এই সুদের হার ও ইএমআই (EMI)-এর হিসাব কেবল উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই ঋণ নেওয়ার আগে, বর্তমান সুদের হার, লোনের প্রসেসিং ফি এবং অন্যান্য শর্তাবলী ভালোভাবে যাচাই করে নিয়ে তবেই ঋণের জন্য আবেদন করা উচিত।

google button