ঋণের সুদের হার বাড়াল SBI-HDFC সহ ৭ ব্যাঙ্ক, বাড়তে পারে EMI-র বোঝা

Published:

Bank

আনিষা চৌধুরী, কলকাতা: প্রায় শেষের দিকে উৎসবের মরশুম। আনন্দের রেশ কাটতে না কাটতেই মধ্যবিত্তের বাজেটে জোর ধাক্কা! রেপো রেট (Repo Rate) বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে দেশের ব্যাঙ্কিং (Banks) ক্ষেত্রে। ঋণের সুদের হার বাড়ানোর পথে হাঁটছে একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছিল। এরপরই অক্টোবর ও নভেম্বর মাসে দেশের সাতটি বড় ব্যাঙ্ক তাদের ঋণের সুদের হার বা MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) সংশোধন করেছে। বলাই বাহুল্য, এর ফলস্বরূপ সংশ্লিষ্ট ব্যাঙ্কের কিছু ঋণগ্রহীতার উপর বাড়তি সুদের বোঝা চাপতে চলেছে।

কোন কোন ব্যাঙ্ক বাড়াল সুদের হার?

এই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা। SBI ১৫ বেসিস পয়েন্ট, PNB ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০ বেসিস পয়েন্ট করে MCLR বাড়িয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্কও ১০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে।

বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে HDFC ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের ঋণে ৫ থেকে ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়িয়েছে। অন্যদিকে, কানাড়া ব্যাঙ্ক ১০ বেসিস পয়েন্ট এবং ব্যাঙ্ক অফ বরোদা ৫ থেকে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত MCLR বৃদ্ধি করেছে। SBI-র নতুন হার কার্যকর হয়েছে ১৫ অক্টোবর থেকে। PNB ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ১ নভেম্বর, ইন্ডিয়ান ব্যাঙ্কের ক্ষেত্রে ৩ নভেম্বর এবং HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে ৭ নভেম্বর থেকে নতুন হার কার্যকর হয়েছে। কানাড়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার সংশোধিত হার কার্যকর হচ্ছে ১২ নভেম্বর থেকে।

MCLR হল ব্যাঙ্কের ঋণ দেওয়ার ন্যূনতম সুদের হার নির্ধারণের একটি অভ্যন্তরীণ বেঞ্চমার্ক। সাধারণত এই হার বাড়লে MCLR-এর সঙ্গে যুক্ত গৃহঋণ, ব্যক্তিগত ঋণ-সহ বিভিন্ন ঋণের সুদের খরচও বাড়ার সম্ভাবনা থাকে। তবে প্রত্যেক গ্রাহকের EMI সঙ্গে সঙ্গে বাড়বে, এমনটা নয়। ঋণের ধরন, সুদের হার পরিবর্তনের নির্ধারিত সময় এবং সংশ্লিষ্ট চুক্তির শর্তের উপরেই অতিরিক্ত সুদের প্রভাব নির্ভর করবে।

আরও পড়ুন: প্রাক্তন DCP শান্তনুর ২.৭৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র, তালিকায় কলকাতার ৩ ফ্ল্যাট

এই পরিস্থিতিতে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন বা ইতিমধ্যেই ঋণ রয়েছে, এমন গ্রাহকদের সুদের হার ও EMI-র পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যাঙ্কের নতুন সুদের হার কার্যকর হলে ঋণের খরচ কতটা বাড়বে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ঋণের শর্তের উপর।

google button