প্রাক্তন DCP শান্তনুর ২.৭৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র, তালিকায় কলকাতার ৩ ফ্ল্যাট

Published:

Santanu Sinha Biswas

আনিষা চৌধুরী, কলকাতা: খুন, তোলাবাজি এবং জমি দখলের মতো একাধিক অভিযোগে সোনা পাপ্পু (Sona Pappu case) ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক FIR দায়ের করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতেই আর্থিক তছরুপের তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই মামলায় প্রাক্তন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের (Santanu Sinha Biswas) বিরুদ্ধেও আর্থিক সুবিধা নেওয়া এবং বেআইনি কাজে সহযোগিতার অভিযোগ ওঠে। এর আগে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা, সোনার গয়না-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করেছিল ED। এবার সেই মামলাতেই নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১২ নভেম্বর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে ED জানিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস, তাঁর পরিবারের সদস্য এবং সহযোগীদের নামে থাকা মোট ২.৭৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্পত্তির তালিকায় তিনটি ফ্ল্যাট

ED-র কলকাতা জোনাল অফিস-II-এর তরফে জানানো হয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (Prevention of Money Laundering Act), ২০০২-এর আওতায় এই সম্পত্তিগুলি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে জমি। তদন্তকারী সংস্থার দাবি, সম্পত্তিগুলি অপরাধলব্ধ অর্থ দিয়ে কেনা। সেই কারণেই সেগুলিকে অপরাধের আয় হিসেবে চিহ্নিত করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উদ্ধার নগদ ১.৬৪ কোটি টাকা, সোনার গয়না ও রিভলভার

ED-র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল, ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ২২ মে কলকাতা ও আশপাশের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই তালিকায় ছিল প্রাক্তন DCP শান্তনু সিনহা বিশ্বাস, জয় এস কামদার এবং সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জায়গা ও তাঁদের আবাসন। তল্লাশিতে মোট ১.৬৪ কোটি টাকা নগদ, সোনার গয়না, একটি টয়োটা ফরচুনার গাড়ি, একটি লাইসেন্সবিহীন রিভলভার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার হয় বলে জানিয়েছে ED।

গ্রেফতার তিন অভিযুক্ত

এই মামলায় PMLA-র ১৯(১) ধারায় জয় এস কামদার, প্রাক্তন DCP শান্তনু সিনহা বিশ্বাস এবং বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার করে ED। বর্তমানে তিনজনই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তদন্তে ED-র দাবি, তোলাবাজি, জমি দখল এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে বেআইনি নির্মাণের মতো অপরাধমূলক কাজ করে সেখান থেকে অনেক টাকা অর্জন করেছেন তাঁরা। বিশ্বজিৎ পোদ্দার, জয় এস কামদার এবং তাঁদের সহযোগীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে এই আর্থিক লেনদেন ও বেআইনি কার্যকলাপ চালানো হয়েছিল বলে অভিযোগ তদন্তকারী সংস্থার।

ED-র দাবি, শান্তনু সিনহা বিশ্বাস প্রথমে কালীঘাট থানার অফিসার-ইন-চার্জ হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদে দায়িত্ব পালন করেন। কালীঘাট থানার ওসি থাকাকালীন জয় এস কামদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে তদন্তে উঠে এসেছে। অভিযোগ, সেই সম্পর্কের সূত্রেই জয় এস কামদার পুলিশ মহলে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পেরেছিলেন এবং শান্তনু তাঁর বেআইনি কাজকর্মে সাহায্য করেছিলেন। ED-র আরও দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ২.৮৯ কোটি টাকার অপরাধলব্ধ সম্পদ নিজের দখলে রেখেছিলেন শান্তনু।

তদন্তে ED-র দাবি, অপরাধমূলক কাজের মাধ্যমে অর্জিত সম্পত্তি ও আর্থিক সুবিধা থেকে নিজেকে আড়াল করতে শান্তনু বিভিন্ন সংস্থা, পরিবারের সদস্য এবং সহযোগীদের নামে সম্পত্তি রেখেছিলেন। বিশেষ করে কলকাতার হোসেনপুরে থাকা দুটি ফ্ল্যাট একটি সংস্থার নামে কেনা হয়েছিল। কিন্তু তদন্তকারী সংস্থার দাবি, ওই ফ্ল্যাট দুটি আসলে শান্তনু সিনহা বিশ্বাসের নির্দেশে এবং তাঁরই সুবিধার জন্য কেনা হয়েছিল। এর মাধ্যমে সম্পত্তির প্রকৃত মালিকানা এবং অপরাধলব্ধ অর্থের উৎস গোপন করার চেষ্টা হয়েছিল বলে মনে করছে ED।

আরও পড়ুন: বাদ পড়তে পারেন বহু মহিলা, ফের শুরু হল অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন

এই মামলায় তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনটি প্রসিকিউশন কমপ্লেইন্ট জমা দিয়েছে ED।

১৭ জুন ২০২৬: জয় এস কামদারের বিরুদ্ধে মেন প্রসিকিউশন কমপ্লেইন্ট জমা পড়ে।
১০ জুলাই ২০২৬: শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেইন্ট জমা দেওয়া হয়।
১৭ জুলাই ২০২৬: বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেইন্ট জমা পড়ে। এই মামলায় তদন্ত এখনও বহাল রয়েছে।

google button