প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোয় শুষ্ক আবহাওয়া থাকলেও ভাইফোঁটায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছিল উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এসবের মাঝে ফের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিল মৌসম ভবন। অর্থাৎ অর্ণব,মুরাসুর পর আরও এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। এদিকে বিগত দুইদিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল (Weather Tomorrow) থেকে দুই বঙ্গেই আবহাওয়া ধীরে ধীরে উন্নত হবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আসতে পারে আরও এক ঘূর্ণিঝড়
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহান্তে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম হবে ‘আকভান’। তবে সেটির গতিপথ কোনদিকে হবে এখনও জানা যায়নি। যদিও আজ সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ ছিল। শীতের আমেজও ছিল বেশ। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া বজায় থাকবে। ভোর ও রাতের দিকে হালকা কুয়াশা দেখা যাবে। পাশাপাশি আগামী দু’থেকে চার দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ অনুভূত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। সব মিলিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামী কয়েক দিন মনোরম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ১৫ নভেম্বরের মধ্যে এই কাজ না করলে ১২% সুদ সহ জরিমানা! ডেডলাইন জারি EPFO-র
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। জানা গিয়েছে, আগামী সোমবারের মধ্যে পার্বত্য ও উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।










