খারিজ হল রক্ষাকবচের আবেদন, এবার মাটি চুরির মামলায় ‘শোন অ্যারেস্ট’ সুমিত রায়

Published:

sumit roy (1)

আনিষা চৌধুরী, কলকাতা: সরকার বদলের পর থেকেই শুরু হয়েছে খারাপ সময়। একের পর এক বিপত্তি পিছু ছাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy )। কখনও পুলিশের হেফাজত, কখনও আদালতের দরজায় আইনি লড়াই, আবার কখনও জেল হেফাজত, সব মিলিয়ে তাঁর পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। শালবনিতে জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর এবার নতুন করে আরও একটি মামলায় তাঁর নাম জড়াল। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রক্ষাকবচের আবেদনও খারিজ হল তাঁর।

কী বলছে আদালত?

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন সুমিত। তাঁর আইনজীবী জানান, একাধিক মামলায় ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার আরও কয়েকটি মামলায় তাঁকে জড়ানোর আশঙ্কা রয়েছে। সেই কারণে নতুন মামলাগুলিতে গ্রেফতারির হাত থেকে অন্তর্বর্তী সুরক্ষা চেয়েছিলেন তিনি। কিন্তু আদালত আপাতত সেই আবেদন মঞ্জুর করেনি।

কেন এই আবেদন? সুমিতের বিরুদ্ধে আগে থেকেই একাধিক ফৌজদারি মামলা চলছে। শালবনিতে সরকারি জমি বেআইনিভাবে বিক্রি এবং জমি দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই মামলায় আগাম জামিনের আবেদন প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টেও খারিজ হয়েছিল। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। নতুন করে অন্য মামলাগুলিতেও গ্রেফতারির আশঙ্কা থেকেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে রাজ্যের তরফে শুনানির জন্য সময় চাওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, আবেদনে ওঠা বিষয়গুলি বিস্তারিতভাবে বিবেচনা করা প্রয়োজন। তাই এই পর্যায়ে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া সম্ভব নয়। আগামী সোমবার ফের মামলাটির শুনানি হবে।

এদিকে, বৃহস্পতিবার আদালতে সুমিতের আইনজীবী আরও জানান, বিষ্ণুপুরের প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতি সংক্রান্ত একটি নতুন মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করেছে কালীতলা আশুতি থানার পুলিশ। অর্থাৎ, অন্য মামলায় আগে থেকেই হেফাজতে থাকা সুমিতকে এই নতুন মামলাতেও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। আইনজীবীর বক্তব্য, আগের মামলায় গ্রেফতারির পরেও নতুন করে তাঁকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে। সেই কারণেই আরও গ্রেফতারি থেকে সুরক্ষা চাওয়া হয়েছিল।

আরও পড়ুন: ১৫ নভেম্বরের মধ্যে এই কাজ না করলে ১২% সুদ সহ জরিমানা! ডেডলাইন জারি EPFO-র

এর আগে ডায়মন্ড হারবারে তৃণমূলের একটি পার্টি অফিস থেকে প্রায় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনাতেও সুমিতের নাম উঠে আসে। পুলিশের দাবি ছিল, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই ওই টাকার সন্ধান পাওয়া যায়। যদিও তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছে। সেই অভিযোগও আদালতে উঠেছে।

google button