আগামীকালই ৭ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার করে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

AWAS YOJONA

আনিষা চৌধুরী, কলকাতা: গ্রামবাংলার গৃহহীন ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দিতে আবাস যোজনা (Awas Yojana) চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলিকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আগে এই প্রকল্পের নাম ছিল ‘বাংলার বাড়ি’। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস’। এবার এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বণ্টন এবং উপভোক্তাদের তালিকায় অনিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।

কবে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা?

গত বছর ২৫ ডিসেম্বর আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বণ্টন শুরু হয়েছিল। তৎকালীন তৃণমূল সরকারের আমলে প্রায় ১৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দফায় ৬০ হাজার টাকা করে পাঠানো হয়েছিল। মূলত বাড়ি তৈরির প্রাথমিক কাজ শুরু করার জন্য এই অর্থ দেওয়া হয়। তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও বহু পরিবার বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারেনি। ফলে দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় ছিলেন উপভোক্তারা।

এরপর চলতি বছরের ৬ অগস্ট থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করে নতুন রাজ্য সরকার। প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া ১০ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হয়। অর্থাৎ, যাঁরা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সম্পূর্ণ করেছেন এবং সরকারি যাচাইয়ে যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরাই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সুযোগ পেয়েছেন।

এবার আরও ৭ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী ১৩ নভেম্বর নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অর্থ বণ্টনের সূচনা করবেন। প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হবে। পাশাপাশি, আগের সরকারের আমলে আবাস যোজনার তালিকায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে বলে দাবি রাজ্যের। তাঁদের ডিসেম্বর মাসের মধ্যে পাওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে জানুয়ারি মাসে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: হাওড়া পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগের ইঙ্গিত, কারা হবেন? জানালেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, আবাস যোজনার সুবিধার পাশাপাশি বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হলে শৌচালয় নির্মাণের জন্য স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় অতিরিক্ত ১২ হাজার টাকা পাওয়ার সুযোগ রয়েছে। বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে আবাস যোজনার মাধ্যমে যোগ্য পরিবারগুলির জন্য পাকা বাড়ি তৈরির পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার পথও খুলে রাখতে চাইছে রাজ্য সরকার।

google button