জমি বিবাদের জেরে খুন বিজেপি নেতা, চরম শোরগোল দুর্গাপুরে, গ্রেফতার ২

Published:

BJP Leader Killed

প্রীতি পোদ্দার, কলকাতা: মা কালীর বিসর্জনের রাতে ঘটল বড় অঘটন। জমি বিবাদকে কেন্দ্র করে পিটিয়ে খুন করা হল দুর্গাপুরের (Durgapur) বিজেপির ওবিসি মোর্চার নেতা শ্যাম কুমার দাসকে (BJP Leader Killed)। আর এই খবর প্রকাশ্যে আসতেই চরম শোরগোল শুরু হয়েছে এলাকায়। ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের হতেই পুলিশের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ধৃত দুজনের নাম বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশএ

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে দুর্গাপুর ফরিদপুর থানার অন্তর্গত জব্বরপল্লি এলাকায় চলছিল মা কালীর বিসর্জন অনুষ্ঠান। সেই সময় কয়েকজন বন্ধুর সঙ্গে পুরোনো জমির বিবাদকে কেন্দ্র করে বছর ৩৬ এর বিজেপি নেতা শ্যাম কুমার দাসের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও পরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করে বিজয় নন্দী, অজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

কী বলছেন মৃতের বন্ধু?

মৃতের পরিবারের তরফে ফরিদপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় মৃতের বন্ধু তথা প্রত্যক্ষদর্শী রণজয় মণ্ডল অভিযোগ করেছেন যে, “পুরনো শত্রুতা ছিল। সেই থেকেই শ্যামের সঙ্গে বচসা। তারপরেই তাঁকে ওরা মারধর করে। রড লাঠি দিয়ে মারধর করছিল। আমি প্রতিবাদ করতে গেলে আমাকেও মারধর করে। কিন্তু শেষপর্যন্ত শ্যামকে আমরা বাঁচাতে পারলাম না। আমরা চাইছি দোষীদের শাস্তি হোক।” অন্যদিকে মৃতের বাবা পরিমল দাস বলেন, “আমরা বিজেপি করি ৷ আর যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তৃণমূল করে৷ আমার ছেলের সঙ্গে শত্রুতা ছিল ৷ সেই রাগেই বিজয় ও অজয় নন্দী ওকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।”

আরও পড়ুন: ভবঘুরে অসহায়দের কপালে চন্দনের ফোঁটা, ভাইফোঁটায় মানবিকতার নজির হলদিয়ায়

অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই বিজয় ও প্রসূনকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকেই পলাতক আরেক অভিযুক্ত অজয় নন্দী, যদিও তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে ফরিদপুর থানার পুলিশ। অন্যদিকে পাণ্ডবেশ্বর তিন নম্বর মণ্ডলের সভাপতি তারক ধীবর বলেন, “সব মৃত্যুই দুঃখজনক। এলাকার জমি মাফিয়া বাপি সরকারের নেতৃত্বে ২০২১ সালে আমাদের বিজেপির কর্মী শ্যাম দাসকে ঘর ছাড়া করা হয়েছিল। কিন্তু এখনও তাঁর নেতৃত্বে এসব ঘটনা ঘটছে। তবে পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে। আইনের উপর আমাদের আস্থা আছে।”

google button