নিজে ভোট দিলেও SIR-এ বাদ মা, আটকে গেল হবু চিকিৎসকের পাসপোর্ট, মামলা হাইকোর্টে

Published:

passport (1)

আনিষা চৌধুরী, কলকাতা: SIR-কে ঘিরে বর্তমানে চারিদিকে বিক্ষোভ চালাচ্ছে জনগণ। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে একের পর এক নতুন সমস্যা সামনে আসছে। এবার সেই বিতর্কের মাঝে প্রশ্নের মুখে এক ছাত্রের ভবিষ্যৎ। SIR-এর জন্য এবার শিক্ষায় বাধা! মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বাংলাদেশে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও পাসপোর্ট পাচ্ছেন না এক পড়ুয়া। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তিনি।

বাংলাদেশে MBBS পড়ার সুযোগ, আটকে পাসপোর্ট

আদালতে আবেদনকারীর বক্তব্য, বাংলাদেশের একটি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু তাঁর মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর থেকেই পাসপোর্ট পেতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। অথচ আবেদনকারীর নিজের নাম ভোটার তালিকায় রয়েছে। এমনকি তিনি ভোটও দিয়েছেন। তা সত্ত্বেও মায়ের নাম বাদ যাওয়ার কারণে তাঁর পাসপোর্ট আটকে রয়েছে বলে আদালতে অভিযোগ করেন তিনি।

আবেদনকারীর ভাষায়, “আমি বাংলাদেশের একটি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু আমার মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। অথচ ভোটার তালিকায় আমার নাম রয়েছে। আমি ভোটও দিয়েছি।”

আগের শুনানিতেও একই সমস্যা

এর আগেও এই মামলা নিয়ে কলকাতা হাই কোর্টে শুনানি হয়েছিল। গত ২০ অগস্ট বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে বিষয়টি ওঠে। সেদিন আদালতকে জানানো হয়েছিল, পড়ুয়ার মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই SIR-এর আপিল ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছে। কিন্তু ছেলের বাংলাদেশে পড়তে যাওয়ার বিষয়টি জরুরি হওয়ায় সেই আবেদনের দ্রুত নিষ্পত্তির আর্জি জানানো হয়। এরপরই ট্রাইব্যুনালকে দু’সপ্তাহের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করার অনুরোধ জানায় আদালত।

এবারের শুনানিতে পাসপোর্ট সংক্রান্ত বিষয়টি নতুন করে উঠে আসে। আবেদনকারীর বক্তব্যের পাশাপাশি পাসপোর্ট কর্তৃপক্ষের তরফেও প্রশ্ন তোলা হয়, মায়ের নাম ছাড়া কীভাবে পাসপোর্ট ছাপানো সম্ভব? এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। ফলে পড়ুয়ার পাসপোর্ট পাওয়ার বিষয়টি এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: রকেটের গতিতে ছুটছে অর্থনীতি, ভারতের GDP নিয়ে সুখবর শোনাল মুডিজ

SIR-এর কারণে পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় এর আগেও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সৌদি আরবে কর্মরত ওই ব্যক্তির অভিযোগ ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় তাঁর পাসপোর্ট পুনর্নবীকরণ আটকে রয়েছে। ২০ অগস্ট সেই মামলাতেও আদালত SIR আপিল ট্রাইব্যুনালকে দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল।

google button