সৌভিক মুখার্জী, কলকাতা: অভ্যন্তরীণ বাজারের চাহিদা, বেসরকারি বিনিয়োগের ইতিবাচক ইঙ্গিত আর জ্বালানি সংকট মোকাবিলার সক্ষমতার উপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস বা জিডিপি বৃদ্ধির (Indian GDP) ইঙ্গিত ৭ শতাংশেই অপরিবর্তিত রাখল আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ। বুধবার প্রকাশিত সংস্থার সর্বশেষ গ্লোবাল ম্যাক্রো আউটলুক ২০২৭-২৮ প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। যদিও এর পাশাপাশি মুদ্রাস্ফীতির চাপ আর দুর্বল বর্ষার কারণে গ্রামীণ চাহিদায় কিছুটা ভাটা পড়ার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।
জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭ শতাংশে অপরিবর্তিত
প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বর মাসে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করেছিল মুডিজ। পাশাপাশি ২০২৬, ২০২৭ এবং ২০২৮ সালে ভারতের অর্থনীতি ৭ শতাংশ হারে বৃদ্ধি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। সংস্থা জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তৈরি হওয়া জ্বালানির দামের মূল্যবৃদ্ধির ধাক্কা ভারত প্রত্যাশার চেয়েও ভালোভাবে সামাল দিয়েছে। এদিকে অপরিশোধিত তেল এবং গ্যাস আমদানির উৎস বহুমুখীকরণ, শুল্ক হ্রাস এবং রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলির মাধ্যমে সাধারণ গ্রাহকদের উপর মূল্যবৃদ্ধির প্রভাব আড়াল করার কৌশল এক্ষেত্রে ভূমিকা রেখেছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, কর্পোরেট এবং ব্যাংকিং খাতের আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার পর ভারত এখন নতুন করে বেসরকারি মূলধনী ব্যয়ের দাঁড়প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এদিকে মূলধনী পণ্য উৎপাদন ও আমদানি বৃদ্ধি, শিল্প ঋণের গতি এবং উৎপাদন ক্ষমতার ক্রমবর্ধমান ব্যবহার বিনিয়োগের পরিবেশকে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তার পাশাপাশি জিএসটি, রাজস্ব সংগ্রহ, গাড়ি বিক্রি এবং পণ্য রফতানিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতাকে প্রমাণ করছে। এমনকি তাদের মতে, বেসরকারি বিনিয়োগে বড় ধরনের প্রবাহ এলে কর্মসংস্থান আরও বাড়বে, যা জিডিপি বৃদ্ধির পূর্বাভাসকে ছাপিয়ে যেতে পারে।
তবে এক্ষেত্রে স্বল্পমেয়াদী কিছু ঝুঁকির কথা উল্লেখ করেছে সংস্থা। খাদ্যপণ্য ও সামগ্রিক মূল্যবৃদ্ধির চাপ সাধারণ মানুষের আয়ের উপর আঘাত হানতে পারে। তাছাড়া বর্তমানে সার্বিক মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ধারিত ২ থেকে ৬ শতাংশ লক্ষ্যমাত্রার উপরিভাগের কাছাকাছি রয়েছে। আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই সুদের হার আরও বাড়ালে তা বেসরকারি বিনিয়োগের গতি কিছুটা বিলম্বিত করতে পারে বলেই জানিয়েছে মুডিজ। তবে ২০২৬ সালের গড় বার্ষিক মুদ্রাস্ফীতি ৪.৫ শতাংশ থাকলেও ২০২৭ সালে তা ৪.৩ শতাংশ এবং ২০২৮ সালে ৪ শতাংশে নেমে আসতে পারে বলে আশা করা যাচ্ছে।










