সৌভিক মুখার্জী, কলকাতা: সাতসকালে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে চলল বুলডোজার। সূত্রের খবর, অভিষেকের বাড়ির সামনেই ফুটপাতের উপর বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছিল একটি অস্থায়ী কাঠামো। আর বৃহস্পতিবার সকালে সেই কাঠামোয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপথ দখল করে তৈরি হওয়া গেটও এদিন ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। পুরসভার এই আচমকা অভিযানের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বুলডোজার অ্যাকশন নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজ্যে পালাবদলের পর থেকেই অবৈধ নির্মাণ এবং বেআইনি কাঠামোগুলিকে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগে অভিষেকের বাড়ির সামনে থেকে পুলিশ কিয়স্ক তুলে নেওয়া হয়। এমনকি এদিন সকালে পুরসভা আর পুলিশের উপস্থিতিতে তাঁর বাড়ির সামনেই চলে বুলডোজার। বৃহস্পতিবার সকালে কালীঘাট সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফুটপাত দখল করে রাখার অভিযোগ উঠেছিল শুক্রবারের ঘটনার পরপরই। সেই সূত্রে বুধবার সন্ধ্যায় সাংসদের বাড়িতে পৌঁছয় পুলিশ। আর বৃহস্পতিবার সকালেই চলে বুলডোজার।
তবে প্রশাসনের এই বুলডোজার অ্যাকশন নিয়ে একেবারে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ। সমাজমাধ্যমে এদিন তিনি লিখেছেন, “হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।” অভিষেকের আরও সংযোজন, “বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।”
আরও পড়ুন: কিস্তওয়ারে নিখোঁজ ২ পুলিশ কর্মীকে হত্যা, উদ্ধার হল গুলিবিদ্ধ দেহ
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন অর্থাৎ শুক্রবার রাত থেকেই চলে কালীঘাটের বাড়ির সামনে ধুন্ধুমার কাণ্ড। সেদিন রাতেই ছড়ায় দফায় দফায় উত্তেজনা। এমনকি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ নিজেই। শেষমেষ শনিবার সকাল ছ’টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর সেই সূত্রে স্থানীয় মানুষজন ফুটপাত আটকে রেখে তৈরি হওয়া ছাউনি এবং গেট নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয় বলেই অভিযোগ। সেই অভিযোগ সামনে আসা মাত্রই বৃহস্পতিবার সকালে চলে বুলডোজার।










