রামায়ণ থেকে মহাভারত, পাঁচ হাজার বছরের প্রাচীন ঐতিহ্য! কীভাবে শুরু হয়েছিল ছট পুজো?

Published:

Chhath Puja

অনন্যা সরকার, কলকাতা: আগামীকাল (১৩ নভেম্বর) শুরু হচ্ছে ছট পূজো (Chhath Puja)। এটি বিশ্বের একমাত্র উৎসব যেখানে উদীয়মান সূর্য ও অস্তগামী সূর্য উভয়কেই অর্ঘ্য নিবেদন করা হয়। চার দিনব্যাপী এই মহা উৎসবটি বর্তমানে বিহারের সাংস্কৃতিক পরিচয়ে পরিণত হয়েছে। এটি প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় ও সপ্তমী তিথিতে শেষ হয়। তবে জানেন কি এই মহোৎসবের শিকড় ৫,০০০ বছর পুরোনো মহাভারত যুগে প্রোথিত রয়েছে। এমনকি তারও আগে রামায়ণেও এর উল্লেখ মেলে। পৌরাণিক গ্রন্থ অনুসারে, বিহারের মাটিতে মানুষের কাছে ছট পূজো নিয়ে আসার পেছনে সূর্যপুত্র এবং অঙ্গ দেশের রাজা কর্ণের নাম উঠে আসে। বিহারের ভাগলপুর এবং মুঙ্গরই এককালে অঙ্গদেশ নামে পরিচিত ছিল। 

ছট পূজোর সাথে কর্ণ ও অঙ্গদেশের সংযোগ

পৌরাণিক কথায়, সূর্যপুত্র ও অঙ্গদেশের রাজা কর্ণ বিহারের মাটিতে ছট পূজোর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কর্ণ ছিলেন ভগবান সূর্য ও মাতা কুন্তীর পুত্র। সূর্যের সন্তান হওয়ায় তাঁর মধ্যে ছিল সূর্যের মতো তীব্র তেজ। তিনি প্রতিদিন সকালে গঙ্গার কোমর-সমান জলে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা সূর্যদেবের আরাধনা করতেন এবং অর্ঘ্য নিবেদন করতেন।

পরবর্তীকালে, দুর্যোধন কর্ণকে অঙ্গের রাজা করেন। রাজা হওয়ার পর কর্ণ প্রজাদের মঙ্গলের জন্য নিয়মিত সূর্যদেবের কাছে প্রার্থনা করতেন এবং প্রচুর দান করতেন। তাঁর এই উদারতা ও সূর্য উপাসনা দেখে অঙ্গদেশের মানুষও প্রভাবিত হন। ধীরে ধীরে সুখ ও সমৃদ্ধির কামনায় কার্তিক মাসে সূর্যদেবের পূজো বিহারের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে ও তা ‘ছট মহাপর্ব’ নামে পরিচিত হয়।

আরও পড়ুন: ভারতের এই কালী মন্দিরের বিদ্যুৎ সরবরাহ করে প্রতিবেশী দেশ, জানেন কোথায় অবস্থিত?

রামায়ণের সঙ্গে সংযোগ

তবে শুধু যে এই পূজোর উল্লেখ মহাভারতে রয়েছে এমনটা নয়, ছট পূজার ইতিহাস রামায়ণ যুগের সঙ্গেও জড়িত। শোনা যায়, লঙ্কা জয়ের পর শ্রীরামচন্দ্র ও মাতা সীতা অযোধ্যা ফেরার পথে মুদ্গল ঋষির আশ্রমে কিছুসময় থেকেছিলেন। মুঙ্গেরের কাষ্ঠরানি ঘাটের কাছে গঙ্গার মাঝে অবস্থিত সীতা চরণ মন্দির তার নিদর্শন বলে বিশ্বাস করা হয়। কথিত আছে কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে মাতা সীতা সূর্যদেবের পূজা করেছিলেন। 

উল্লেখ্য, ছট পূজা মূলত প্রকৃতির উপাসনা। এতে সূর্যদেবের পাশাপাশি ছটি মাইয়ারও পূজা করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে, ছটি মাইয়া সূর্যদেবের বোন ও ব্রহ্মার আধ্যাত্মিক কন্যা। তাঁর আশীর্বাদে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে ও সন্তানরা দীর্ঘায়ু লাভ করে বলে বিশ্বাস করা হয়। তাছাড়া, এই উৎসব ঋতু পরিবর্তন ও কৃষির সঙ্গেও গভীরভাবে যুক্ত। এটি খরিফ ধান কাটা এবং রবি গম বোনার সময়। তাই আরাধনা করে খরিফ ফসলের জন্য সূর্যদেবকে কৃতজ্ঞতা জানানো হয় এবং রবি ফসলের সুফলের জন্য প্রার্থনা করা হয়। কৃষিপ্রধান রাজ্য বিহারের এই বিশেষ পূজোয় প্রাকৃতিক উপকরণের ব্যবহার তাই বিশেষ অর্থ বহন করে।

আরওChhath Puja
google button