অনন্যা সরকার, মহারাষ্ট্র: কিছু কিছু মানুষ তাঁদের জীবন দিয়ে আমাদের শেখান যে, দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যেও কঠোর পরিশ্রম, শিক্ষা এবং অদম্য সংকল্প কীভাবে একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে। প্রতীক্ষা টন্ডওয়ালকারের জীবনকাহিনীটিও সেভাবেই বহু মানুষকে অনুপ্রেরণা যোগায় (Inspirational Story of SBI AGM Pratiksha Tondwalkar)। ১৯৬৪ সালে মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণকারী প্রতীক্ষা বড় হয়ে উঠেছেন এক অভাবী পরিবারে। সপ্তম শ্রেণির পর তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হয়ে যায়। তারপর ১৬ – ১৭ বছর বয়সে বিয়ে, আর ২০ বছর বয়সে একটি সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী সদাশিব কাদু মারা যান। তখন তাঁদের একমাত্র সন্তানের বয়স ছিল প্রায় এক বছর, যার দায়িত্ব এসে পড়ে প্রতীক্ষার কাঁধে। সেই থেকেই তাঁর জীবনের সবচেয়ে বড় সংগ্রাম শুরু হয়।
পার্ট-টাইম সাফাইকর্মী হিসেবে স্টেট ব্যাংকে যোগ দেন প্রতীক্ষা
সংসার চালানোর জন্য প্রতীক্ষা টন্ডওয়ালকার প্রথমে দর্জির কাজ শুরু করেন এবং কিছুদিন পর ছেলেকে নিয়ে মুম্বাই চলে আসেন। স্বামীর পাওনা অর্থ সংগ্রহের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) একটি শাখায় গেলে, তিনি সেখানে চাকরির জন্য আবেদন করেন। ১৯৮৫ সালে তিনি পার্ট-টাইম সাফাইকর্মী হিসেবে কাজ শুরু করেন, যেখানে তাঁর মাসিক আয় ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ব্যাংকের শাখা খোলার আগে পুরো ব্যাংক চত্বর, আসবাবপত্র ও শৌচাগার পরিষ্কার করাই ছিল তাঁর কাজ। সংসারের খরচ আরও কিছুটা বাড়ানোর জন্য তিনি একটি জুতার কারখানাতেও কিছুদিন কাজ করেন।
এত প্রতিকূলতার মধ্যেও প্রতীক্ষা তাঁর পড়াশোনা আবার শুরু করেন। পুরোনো বই জোগাড় করে কেরোসিন বাতির আলোয় পড়াশোনা করে তিনি দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর অর্জন করেন। এরপর তিনি দ্বাদশ শ্রেণি পাস করেন এবং মুম্বাইয়ের ভিক্রোলির একটি নাইট কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি পরিচ্ছন্নতাকর্মী থেকে মেসেঞ্জার পদে উন্নীত হন এবং ১৯৯৫ সালে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার পদে যোগ দেন।
আরও পড়ুন: কলা দিয়ে দারুণ ব্যবসা! বিস্কুট ও লাড্ডু বানিয়ে আয় ৫ গুণ বাড়ালেন কৃষক
১৯৯৩ সালে প্রতীক্ষা প্রমোদ টন্ডওয়ালকারকে বিয়ে করেন। স্বামীর উৎসাহে তিনি আরও উচ্চতর পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন এবং কর্মজীবনে দৃপ্ত পদে এগিয়ে যান। একপর্যায়ে পদোন্নতি হয়ে তিনি ট্রেইনি অফিসারের দায়িত্ব পান। ২০২২ সালের জুন মাসে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) হিসেবে নিযুক্ত হন ঠিক সেই ব্যাংকটিতেই, যেখানে একসময় তিনি একসময় সাফাইকর্মী হিসেবে কাজ করতেন।
৫৫ বছর বয়সী প্রতীক্ষা টন্ডওয়ালকারের নতুন কিছু শেখার আগ্রহ এখনও এতটুকু কমেনি। ন্যাচারোপ্যাথির ওপর দুই বছর মেয়াদি একটি কোর্স সম্পন্ন করে তিনি তাঁর দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন পূরণ করেছেন। এর পাশাপাশি, তিনি দুঃস্থ শিশুদের শিক্ষার ক্ষেত্রেও আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর এই জীবনযাত্রা প্রমাণ করে যে, ধৈর্য, শিক্ষা এবং নিরলস কঠোর পরিশ্রমের জোরে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।










