মাত্র ২৫৯ টাকায় গ্রামে গ্রামে হাই-স্পিড ইন্টারনেট! BSNL দিচ্ছে সস্তা ব্রডব্যান্ড ও ফ্রি কানেকশন

Published:

Digital Bharat Nidhi scheme FTTH Broadband

অনন্যা সরকার, কলকাতা: কেন্দ্রীয় সরকার ডিজিটাল ভারত নিধি (Digital Bharat Nidhi Scheme) উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার বাসিন্দারা সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড সংযোগ পাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলগুলোকে সাশ্রয়ী খরচে উচ্চগতির ইন্টারনেটের আওতায় নিয়ে আসা। ‘ভারতনেট’ (BharatNet) প্রকল্পের অধীনে, সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য গ্রামীণ এলাকায় বিনামূল্যে এফটিটিএইচ (FTTH – Fiber-to-the-Home) সংযোগ প্রদান করছে। এর সাথে, সবচেয়ে সস্তা প্যাকটি পাওয়া যাচ্ছে মাত্র ২৫৯ টাকায়। 

গ্রামীণ অঞ্চলে সস্তায় ব্রডব্যান্ড ইন্টারনেট দিচ্ছে BSNL 

এফটিটিএইচ সংযোগের ক্ষেত্রে বিএসএনএল-এর সবচেয়ে সাশ্রয়ী প্ল্যানটির মাসিক খরচ মাত্র ২৫৯ টাকা। ফাইবার রুরাল এন্ট্রি (Fiber Rural Entry) নামের এই প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে ২৫ এমবিপিএস (Mbps) গতিতে ৭০০ জিবি (GB) ডেটা পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ২ এমবিপিএস-এ নেমে আসে। এছাড়া, এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি (STD) কল করার সুবিধা রয়েছে। এর পাশাপাশি, ব্যবহারকারীরা প্রসার ভারতীর ওয়েভস (Waves) ওটিটি (OTT) প্ল্যাটফর্মে বিনামূল্যে  অ্যাক্সেসের সুযোগও পাবেন।

যাদের আরও বেশি ডেটা এবং উচ্চগতির ইন্টারনেটের প্রয়োজন, তাদের জন্য রয়েছে ‘ফাইবার রুরাল হোম ওয়াই-ফাই’ (Fiber Rural Home Wi-Fi) প্ল্যান, এর মাসিক খরচ ৩৯৯ টাকা। এই প্ল্যানে ৪০ এমবিপিএস গতিতে প্রতি মাসে ১,৪০০ জিবি ডেটা পাওয়া যায়, ডেটা লিমিট শেষ হয়ে গেলে গতি কমে ৪ এমবিপিএস-এ নেমে আসে। এর পাশাপাশি, গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিডেট লোকাল ও এসটিডি কল করতে পারেন।

আরও পড়ুন: নর্মদার তীরে রহস্যময় পাথর! লক্ষ লক্ষ বছর পুরোনো ম্যামথের জীবাশ্ম বলে সন্দেহ

উল্লেখযোগ্যভাবে, ডিজিটাল ভারত নিধি প্রকল্পের একটি বড় সুবিধা হলো, এতে কোনো ইনস্টলেশন ফি দিতে হবে না। আর অপটিক্যাল ফাইবার কেবল (OFC) এবং কাস্টমার প্রিমিসেস ইকুইপমেন্ট (CPE/ONT)-এর খরচ ইনস্টলেশন চার্জের মধ্যেই অন্তর্ভূক্ত, তাই সংযোগ স্থাপনের জন্য কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। সংযোগ চালু হওয়ার পর গ্রাহককে কেবল মাসিক সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হবে, যা প্রথম মাসের বিলের সাথে যুক্ত থাকবে। 

এই প্ল্যানগুলো বিশেষভাবে গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে। যদি আপনার বাড়ি কোনো গ্রাম পঞ্চায়েতের আওতাভুক্ত হয়, তবে আপনি এই সংযোগের জন্য আবেদন করতে পারেন। বিএসএনএল ভারতনেট পোর্টালে গিয়ে অনলাইনে নতুন সংযোগের জন্য আবেদন করা যাবে। তবে, এই ব্রডব্যান্ড পাওয়ার জন্য আপনার নির্দিষ্ট এলাকায় ভারতনেট পরিষেবাটি উপলব্ধ থাকা আবশ্যক। গ্রামীণ এলাকায় বসবাসকারীদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ এর মাধ্যমে খুব কম খরচে উচ্চগতির ইন্টারনেট, টেলিফোন কলিং ও ওটিটি (OTT) পরিষেবা পাওয়া যায়।

google button