অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) নতুন প্রিমিয়াম ট্রেন, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)-এ যাত্রা করা নিয়ে যাত্রীদের মধ্যে এখনও অনেক প্রশ্ন রয়েছে। সবচেয়ে বেশি যে প্রশ্নটি শোনা যায়, সেটি হলো – ট্রেনে ভ্রমণের জন্য টিকিটের প্রিন্ট কপি সঙ্গে রাখা কি বাধ্যতামূলক? সম্প্রতি এক ইনস্টাগ্রাম ইউজার তাঁর নিজস্ব হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যা পরে ভাইরাল হয়। যেখানে এক টিটিই (TTE)-কে একটি প্রিন্ট করা টিকিট পরীক্ষা করতে দেখা যায়, যা বন্দে ভারতের স্লিপারের নিয়মনীতি নিয়ে বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় রেলের বিধিমালা কী বলছে, আসুন জেনে নেওয়া যাক।
প্রিন্ট করা টিকিটের প্রয়োজন নেই
যেকোনও ট্রেনের ক্ষেত্রেই ভারতীয় রেল ডিজিটাল টিকিটকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেয়। অনলাইনে বুক করা টিকিটের জন্য প্রিন্টআউট নিয়ে ভ্রমণ করা বাধ্যতামূলক নয়। যাত্রীরা তাদের স্মার্টফোন বা ট্যাবলেটে ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপ (ERS), ভার্চুয়াল রিজার্ভেশন মেসেজ (VRM) কিংবা আইআরসিটিসি (IRCTC) থেকে প্রাপ্ত এসএমএস/হোয়াটসঅ্যাপ বার্তা টিটিই-কে দেখাতে পারেন। এই সবগুলিই বৈধ ভ্রমণ নথি হিসাবে বিবেচিত হয়। তবে, এক্ষেত্রে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে বা ফোন বন্ধ থাকলে সমস্যা হতে পারে। এমন হলে আধার কার্ড,ভোটার আইডি, প্যান কার্ড বা পাসপোর্ট) সঙ্গে রাখা জরুরি। টিকিট পরীক্ষকরা তখন পরিচয়পত্রের ভিত্তিতেও যাচাই করতে পারেন।
উল্লেখ্য, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মকানুন অন্যান্য ট্রেনের থেকে আলাদা। শুধুমাত্র সম্পূর্ণ নিশ্চিত (Fully Confirmed) টিকিট রয়েছে যাদের কাছে, একমাত্র তারাই এই ট্রেনে উঠতে পারবেন। আরএসি, ওয়েটিং লিস্ট (WL) বা আংশিক নিশ্চিত (partially confirmed) টিকিটধারী যাত্রীদের ট্রেনে ওঠার অনুমতি নেই। এছাড়া, তৎকাল কোটাও উপলব্ধ নেই।
আরও পড়ুন: ব্যাংকের সাফাইকর্মী থেকে SBI-র এজিএম! জীবনসংগ্রামে জয়ী হয়ে অবিশ্বাস্য সাফল্য প্রতীক্ষার
অগ্রিম সংরক্ষণ সময়কালে বা অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ডে (ARP) শুধুমাত্র সাধারণ বুকিংয়ের মাধ্যমেই টিকিট মেলে। যাত্রীদের জন্য একটি আরামদায়ক ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করার জন্যই এই নিয়মটি তৈরি করা হয়েছে। এটি একটি প্রিমিয়াম ট্রেন হওয়ায় আসন সংখ্যা সীমিত এবং শুধুমাত্র কনফার্মড টিকিটধারী যাত্রীদেরই আসন দেওয়া হয়।
বন্দে ভারতে টিকিট বাতিলের নিয়মাবলী
ট্রেন ছাড়ার সময়ের ওপর ভিত্তি করে টিকিট বাতিলের চার্জ কাটা হয়। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করলে ২৫%, প্রস্থানের ৭২ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০% এবং ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে কোনো অর্থ ফেরত দেওয়া হয় না। চার্জযোগ্য সর্বনিম্ন দূরত্ব হলো ৪০০ কিলোমিটার।
রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে যে, ডিজিটাল টিকেটিং-কে উৎসাহিত করার জন্য এই সুবিধাগুলো দেওয়া হয়েছে। যাত্রীদের তাদের ফোন চার্জ দিয়ে রাখতে ও টিকিটের একটি স্ক্রিনশট বা ডাউনলোড করা কপি ডিভাইসে সেভ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস একটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ট্রেন। তাই আরামদায়ক ভ্রমণ যেমন জরুরি, তেমনি নিয়মকানুন মেনে চলাও অপরিহার্য। ছাপানো টিকিট দেখানো বাধ্যতামূলক নয়, তবে একটি কনফার্মড টিকিট এবং পরিচয়পত্র থাকা আবশ্যক। টিটিই-কে সঠিক তথ্য দেখানোর মাধ্যমে যাত্রীরা কোনো ঝামেলা ছাড়াই তাদের যাত্রা উপভোগ করতে পারেন।










