বয়স ভাঁড়িয়ে বিয়ের টাকা নেওয়া বন্ধ! ‘রূপশ্রী’ ও ‘কন্যারত্ন’ প্রকল্পের তথ্য মিলিয়ে দেখবে নবান্ন

Published:

সহেলি মিত্র, কলকাতা: বাল্যবিবাহ রুখতে বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বাল্যবিবাহ রুখতে এবার ‘রূপশ্রী’ (Rupashree Scheme) প্রকল্পের আবেদনকারীদের বয়স যাচাইয়ে ‘কন্যারত্ন’ প্রকল্পের তথ্যভাণ্ডার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৮ বছরের কম বয়সি কোনও মেয়ের হাতে যাতে বিয়ের জন্য সরকারি আর্থিক সহায়তা না পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, ‘রূপশ্রী’র আবেদনকারীদের তথ্য ‘কন্যারত্ন’-এর তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

‘রূপশ্রী’ প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের

বিশেষ করে ১৮ থেকে ২০-২১ বছর বয়সি আবেদনকারীদের ক্ষেত্রে এই যাচাইয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, যাঁরা ‘কন্যারত্ন’ প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের বয়সের প্রমাণপত্রও ভালোভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের ‘রূপশ্রী’ প্রকল্পে মেয়ের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই সুবিধা পেতে পাত্রীর ন্যূনতম বয়স ১৮ বছর হওয়া বাধ্যতামূলক।

অন্যদিকে, সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্রীদের অষ্টম শ্রেণি থেকে ‘কন্যারত্ন’ প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করে অবিবাহিত অবস্থায় উচ্চশিক্ষা চালিয়ে গেলে এবং ১৮ বছর বয়স হলে এককালীন ২৫ হাজার টাকা অনুদান পাওয়া যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করার ঘোষণা করেছেন।

আরও পড়ুন: রামায়ণ থেকে মহাভারত, পাঁচ হাজার বছরের প্রাচীন ঐতিহ্য! কীভাবে শুরু হয়েছিল ছট পুজো?

রিপোর্ট ঘিরে শোরগোল

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক একটি রিপোর্টে ধরা পড়েছে, অতীতে অনেক আবেদনকারী ‘কন্যাশ্রী’ প্রকল্পের এককালীন অনুদান পাওয়ার আগেই ‘রূপশ্রী’র আর্থিক সহায়তা পেয়েছিলেন। অর্থাৎ, তাঁদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ের জন্য সরকারি টাকা পৌঁছে গিয়েছিল। তাই এবার থেকে একই আবেদনকারী দুই প্রকল্পে আলাদা বয়স উল্লেখ করছেন কি না, তা-ও খতিয়ে দেখবে জেলা প্রশাসন। দুই প্রকল্পের তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট নথি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের ঘটনা বেশি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীও বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে জেলাভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর সেই পরিকল্পনা খতিয়ে দেখে সমস্যা মোকাবিলায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবে। পাশাপাশি, আগামী ২৭ নভেম্বর বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে প্রচার ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার প্রস্তুতিও চলছে।

google button