সহেলি মিত্র, কলকাতা: প্রকাশ্যে দুর্ঘটনার সম্মুখীন হওয়া কলকাতা-সাইরাং এক্সপ্রেসের (Kolkata-Sairang Express) লোকো পাইলটের বিবৃতি। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে ১৩১২৫ আপ ট্রেনের দুর্ঘটনা নিয়ে নিজের লিখিত বিবৃতি দিয়েছেন ট্রেনটির লোকো পাইলট (Loco Pilot) মন্টু ভৌমিক। তাঁর বিবৃতিতে এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা আপনাকে অবাক করবেই। বিবৃতি অনুযায়ী, গুয়াহাটি থেকে ট্রেন নিয়ে যাত্রা শুরু করার পর প্রথমে একটি পাওয়ার কারের ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা ধরা পড়ে। বিষয়টি নজরে আসার পর তিনি এবং সহকারী লোকো পাইলট ট্রেনটি পরীক্ষা করেন। পরে পিএনবি স্টেশনে সকাল ৬টা ১৬ মিনিট নাগাদ ট্রেন থামিয়ে পাওয়ার কারের ব্রেক পরীক্ষা করা হয়।
কলকাতা-সাইরাং এক্সপ্রেসের লোকো পাইলটের বিবৃতি ঘিরে শোরগোল
দেখা যায়, পাওয়ার কারের ব্রেক ডিস্ক ও ব্রেক প্যাড অতিরিক্ত গরম হয়ে লালচে হয়ে গিয়েছে এবং ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা রয়েছে। লোকো পাইলটের দাবি, ব্রেক বাইন্ডিং ঠিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি জানানো হয়। প্রায় ২৮ মিনিট অপেক্ষার পর ব্রেক ঠান্ডা হলে সকাল ৬টা ৪৪ মিনিটে ট্রেনটি পিএনবি স্টেশন ছেড়ে যায়।
এরপর ডিগুর দিকে যাওয়ার সময় দূরের সিগন্যালে ডাবল ইয়েলো দেখতে পান লোকো পাইলট। সেই অনুযায়ী তিনি ডায়নামিক ব্রেক প্রয়োগ করে ট্রেনের গতি কমান। কিন্তু হোম সিগন্যালে সিঙ্গল ইয়েলো দেখার পর লুপ লাইনে প্রবেশের সময় ট্রেনের ব্রেকিং ব্যবস্থায় গুরুতর সমস্যা দেখা দেয়। তাঁর দাবি, প্রথমে ট্রেন ব্রেক, পরে এ-৯ হ্যান্ডেল এবং জরুরি ব্রেক প্রয়োগ করেও প্রত্যাশিত ব্রেকিং এফর্ট পাওয়া যায়নি। সহকারী লোকো পাইলটও আরএস ভালভের মাধ্যমে জরুরি ব্রেক প্রয়োগ করেন।
আরও পড়ুন: ‘ব্রেক কাজ করছে না,’ কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল
কিন্তু তাতেও ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত লোকো ব্রেক প্রয়োগ করেও ট্রেন থামানো যায়নি। লোকো পাইলটের লিখিত বিবৃতি অনুযায়ী, ট্রেনটি ডেড এন্ডে ধাক্কা মারে। দুর্ঘটনায় ইঞ্জিন-সহ দুটি কোচ উল্টে যায়, দুটি কোচের সব কটি চাকা লাইনচ্যুত হয় এবং আরও একটি কোচের সামনের ট্রলি লাইনচ্যুত হয়।
অসমে লাইনচ্যুত হয় সাইরাং এক্সপ্রেস
বুধবার সকালে বড় রেল দুর্ঘটনা ঘটে যায় অসমে। লাইনচ্যুত হয়েছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের একাধিক কামরা। ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। তবে কোনও প্রাণহানির খবর মেলেনি। এদিকে ঘটনার প্রাক্কালে ঠিক কী ঘটেছিল, কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ট্রেনের ইঞ্জিনে, সেটার রোমহর্ষক ভিডিও (Viral Video) সামনে আসে। অসমে সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত (Train Derailment) হওয়ার আগের দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ইঞ্জিনের ভেতর লোকো পাইলটকে বলতে শোনা যাচ্ছে, “সিগন্যাল লাল, ব্রেক কাজ করছে না। কিছুই কাজ করছে না।” কথাটি বলার সময়ে লোকো পাইলটের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এর কিছুক্ষণ পরেই ট্রেনটি একটি ব্যারিকেডে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়। বুধবার সকালে দিগারু (Assam) রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ও পাঁচ থেকে ছয়টি বগি লাইনচ্যুত হয়। এই বিষয়ে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মতে, সকল যাত্রী নিরাপদ আছেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।










